নাশকতায় জড়িত সন্দেহে দুই তরুণ আটক
হরতাল-অবরোধে চট্টগ্রাম নগরে পেট্রলবোমা, ককটেল নিক্ষেপ ও গাড়ি পোড়ানোসহ নাশকতার বিভিন্ন ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে চান্দগাঁও এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. ইদ্রিস (১৮) ও মো. মোবারক (১৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানিয়েছেন, গত ১১ ও ১৩ মার্চ মো. ইভান ও মো. সোহেল নামের দুজনকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার এঁদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চান্দগাঁও এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই তরুণকে আটক করা হয়।
ওসি জানান, আটক দুই তরুণ চান্দগাঁও বাস টার্মিনাল, খাজা রোড, বহদ্দারহাট মোড়, ফ্লাইওভার, মৌলভী পুকুরপাড় এলাকায় বোমা হামলাসহ গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত। সাংসদ মাঈনুদ্দিন খান বাদলের রাজনৈতিক কার্যালয়েও বোমা হামলায় তাঁদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। এসব নাশকতার ঘটনায় যারা ইন্ধন ও অর্থ জোগান দিয়েছে তাদের নাম-ঠিকানাও পাওয়া গেছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহিদুল ইসলাম বলেন, আটক দুজন কোনো রাজনৈতিক দলের কর্মী নন। এই তরুণেরা অর্থের বিনিময়ে কাজ করেন।