নাশকতার অর্থের জোগানদাতা ছাত্রদল সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে দুটি বাস পোড়ানোর ঘটনার অর্থের জোগানদাতা জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান। ওই মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া জামায়াত-শিবিরের পাঁচজন নেতা-কর্মী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল আমিন ভূঁইয়ার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আকবর আলী জানান, খালেদ হাসান (২৫), ছানোয়ারুল রহমান (২৬), কামরুল হাসান (২৫), আসাদুল্লা (২৫) ও সাখাওয়াত হোসেন ওরফে সুইট (২৬) গত মঙ্গল ও বুধবার পৃথকভাবে ১৬৪ ধারায় ওই জবানবন্দি দেন। দুটি মোটরসাইকেলে গিয়ে ছয়জন নাশকতাকারী বাস দুটি পোড়ান। এ কাজে জয়পুরহাট-১ আসনের বিএনপির সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানের ছেলে জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান তাঁদের মোটরসাইকেল ও প্রত্যেককে এক হাজার টাকা করে দেন।
১ মার্চ আক্কেলপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় খলিশ্বর পরিবহনের চালক মছিরউদ্দিন অজ্ঞাতদের নামে থানায় মামলা করেন।
জামায়াত-শিবিরের সাতজন নেতা-কর্মীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত ৩০ মার্চ তাঁদের মধ্যে পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।