নাশকতার আগুনে দগ্ধ আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ খোরশেদ আলম গতকাল মারা গেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী আয়শা বেগম l প্রথম আলো
চাঁদপুরে ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ খোরশেদ আলম গতকাল মারা গেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী আয়শা বেগম l প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধে নাশকতার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে
চলমান রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪ জন পেট্রলবোমা ও আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন।
অবরোধ কর্মসূচির ৭৯তম দিন ছিল গতকাল বুধবার। এদিন রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার সন্দেহে, মামলা ও অন্যান্য ঘটনায় দুই জেলা থেকে ৪৩ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ। তবে এর দুই দিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ গতকাল পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১৩০ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭৩৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬১টি।
আরও দুজনের মৃত্যু: পেট্রলবোমায় দগ্ধ হয়ে প্রাণ হারালেন আরও দুই নিরীহ ব্যক্তি। তাঁদের মধ্যে একজন যশোরের খোরশেদ, অপরজন মাগুরার ইয়াদুল।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান খোরশেদ ও ইয়াদুল। দুজনই ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সকাল নয়টা ৫০ মিনিটে মারা যান ইয়াদুল। তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল।
গত শনিবার মাগুরা থেকে শালিখা উপজেলার ভাটোখালী গ্রামে ট্রাকে বালু নিয়ে গিয়েছিলেন এ জেলার নয়জন বালুশ্রমিক। বালু নামিয়ে সন্ধ্যার পর ফিরছিলেন তাঁরা। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম শেষে খালি ট্রাকের ভেতর ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছিলেন তাঁরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে দুর্বৃত্তরা ট্রাকে দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে সবাই মারাত্মক দগ্ধ হন। এ পর্যন্ত ওই হামলার ঘটনায় মারা গেছেন একই গ্রামের চারজন। এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন পাঁচজন।
আর ১৯ মার্চ চাঁদপুরের চান্দ্রায় দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় দগ্ধ হন খোরশেদ। শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। বার্ন ইউনিটের নথিতে তাঁর পেশা লেখা আছে রাখাল। দিন এনে দিন খেতেন তিনি। দিনমজুর হিসেবে কাজ করতে ওই দিন যশোরের ঝিকরগাছা থেকে ট্রাকে উঠেছিলেন। মালপত্র নিয়ে চট্টগ্রাম থেকে খুলনায় যাওয়ার পথে চাঁদপুরের চান্দ্রায় ট্রাকে পেট্রলবোমা হামলার শিকার হন তিনি। ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক জাহাঙ্গীর। বার্ন ইউনিটে আনার পর মারা গিয়েছিলেন ট্রাকমালিক শরিফ। গতকাল চলে গেলেন খোরশেদও।
এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেলেন ২১ জন। হরতাল-অবরোধে এ নিয়ে এই ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১৮১ জন।
পেট্রলবোমা ও ককটেল উদ্ধার: মাগুরা সদর উপজেলার দেড়ুয়া গ্রামে গতকাল বুধবার দুপুরে তরিকুল ইসলাম নামের এক বিএনপির কর্মীর বাড়ি থেকে একটি পেট্রলবোমা, দুটি ককটেল ও এক বোতল পেট্রল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস এসব উদ্ধার করেন। তবে মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) বলেন, বাড়ির মালিককে ফাঁসাতে অন্য কেউ এসব রেখে থাকতে পারেন। অভিযানের সময় ওই বাড়িতে কেউ ছিল না।
গ্রেপ্তার-আটক: নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে জামায়াতের একজন রুকনসহ ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা দুপুর দুইটার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের নুরুজ্জামান, রবিউল ইসলাম, ভদ্রখালী গ্রামের রোকনুজ্জামান, মো. মোর্শেদ আলম, নূর আলী ও মাসুদ রানা।
এদিকে এর আগের দিন রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ছয়জন কর্মীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেনের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
রংপুর শহরের কলেজপাড়ায় কনফিডেন্স আবাসিক মেস থেকে ছাত্রশিবিরের চার কর্মীকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় ওই মেস থেকে কিছু লাঠি উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শাহীনুর রহমান, রওশন সালেহীন, তারেক হাসান ও আতউর রহমান।