গত এক মাস ধরে চলছে অবরোধ। সেই সঙ্গে রয়েছে হরতাল। নাশকতার আশঙ্কায় বরিশাল মহানগরের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। লোকসানের মুখে পড়েছে ব্যবসা। বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকেরা।
হরতাল-অবরোধে মহানগরের দোকানপাট খোলা রয়েছে। স্কুল-কলেজ, অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি কম। যানবাহন চলাচল করলেও যাত্রী কম। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ।
নগরের সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট বোঝে না রাজনৈতিক দলগুলো। তারা গদিতে থাকা এবং না থাকার লড়াইয়ে মেতে উঠেছে। পেট্রলবোমার ভয়ে বাসে ওঠা যাচ্ছে না। বাজারে পণ্যের দাম চড়া। কোথায় যাবে মানুষ?’
সরেজমিনে নগর ঘুরে সাধারণ মানুষ, ব্যবসায়ী, বাস মালিক সমিতি ও শ্রমিকদের দুর্ভোগের চিত্র দেখা গেছে। কাজ না থাকায় শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন।
গতকাল মঙ্গলবার নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এবং সিঅ্যান্ডবি সড়কে ইজিবাইক ও রিকশা চলতে দেখা গেছে। তবে কোনো যাত্রীবাহী বাস চলতে দেখা যায়নি। সড়কের দুই পাশে দোকানপাট খোলা রয়েছে। ব্যবসায়ীরা বসে আছেন। ক্রেতা খুবই কম। নবগ্রাম সড়কের ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘ব্যবসা হইবে ক্যামনে, এক মাস ধইর্যা মাল আনতে পারি নাই। ট্রাকে আগুন দেওয়ার ভয়ে ঢাকার মালিকেরা মাল পাঠাইতে সাহস পায় না। আমাগো দায়িত্বে আনতে কয়। আমরাও সাহস পাই না। তাই বেচাকেনা নাই।’
নিউ সার্কুলার রোডের বাসিন্দা মহসিন সরদার বলেন, যানবাহন, দোকানপাট খোলা থাকলেও ভয়ে মেয়েকে স্কুলে পাঠাননি তিনি।
বেলা একটায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পুরো টার্মিনাল ফাঁকা দেখা যায়। অভ্যন্তরীণ রুট স্বরূপকাঠি এবং বানারীপাড়ার উদ্দেশ্যে বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন পরিবহন কর্তৃপক্ষ। তবে বাসে যাত্রী ছিল চার-পাঁচজন। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার রুটে চলাচলকারী দ্রুতি পরিবহান, সুরভী পরিবহন, সাউদিয়া পরিবহনসহ অধিকাংশ কাউন্টার বন্ধ ছিল। যেগুলো খোলা ছিল, সেগুলোর সামনেও যাত্রী নেই। সাকুরা পরিবহনের আশরাফুজ্জামান জানান, দুপুর একটায় একটি গাড়ি ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো যাত্রী নেই। রাতে পুলিশি পাহারায় গাড়ি চলে। গাড়ি না চললে শ্রমিকের মজুরি নেই। পরিবহন না চলায় সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন শ্রমিকেরা।
লিলিমা পরিবহনের সুপারভাইজার খোকন হাওলাদার বলেন, ‘গাড়ি পুড়লে সেটা কেনা যায়, কিন্তু মানুষ মারা গেলে তাকে ফিরিয়ে দেবে কে? সে কারণে গাড়ি চালানো যাচ্ছে না। কাজ বন্ধ থাকায় ঋণ করে চলতে হচ্ছে।’ চালকের সহকারী সুমন হাওলাদার বলেন, গাড়ি চলার ওপর নির্ভর করে তাঁদের সংসার চলে। গাড়ি বন্ধ থাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছে।
দুপুর আড়াইটায় বরিশাল বহুমুখী কাঁচামালের পাইকারি বাজার সিটি মার্কেটে গিয়ে জানা যায়, অবরোধ-হরতালে ট্রাক ভাড়া দুই থেকে তিনগুণ দিতে হচ্ছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। বরিশাল কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গণেশ দত্ত বলেন, এক ট্রাক মাল আনতে খরচ হতো ২৮ থেকে ৩০ হাজার টাকা। বর্তমানে ৬৫ থেকে ৭০ হাজার টাকা দিয়ে মাল আনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে পণ্যের দাম বেড়ে গেছে।
বিকেলে বরিশাল নৌবন্দরে গিয়েও ফাঁকা দেখা গেছে পন্টুন ও লঞ্চ। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা এবং ট্রফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদার বলেন, লঞ্চের যাত্রী কমে গেছে। কেবিনে কিছু যাত্রী থাকলেও পুরো তৃতীয় শ্রেণি খালি পড়ে থাকে।