নাশকতার আসামি আ.লীগ নেতার প্রশ্রয়ে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরবাজার আবু বক্কর সিদ্দিক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নাশকতা মামলার আসামি ও জামায়াত নেতা সাইদুর রহমানকে (৫০) নিয়োগ দেওয়াসহ নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, তাঁকে এ নিয়োগ ও বেতন পেতে সহযোগিতা করছেন মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগ নেতা শিমুল মিয়া।
এদিকে এ নিয়োগ বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২০ অক্টোবর ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন খোদ পলাশবাড়ী উপজেলা ১৪ দলের নেতারা।
মাদ্রাসা কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালের মার্চে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সাংসদ ইউনুছ আলী সরকার তাঁর ভাগনে শিমুল মিয়াকে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব পাওয়ার পর শিমুল মিয়া ওই বছরের ১২ ডিসেম্বর মাদ্রাসার উপাধ্যক্ষ সাইদুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। এরপর জানুয়ারি থেকে তিনি অধ্যক্ষ হিসেবে বেতন-ভাতা পাচ্ছেন। গত সেপ্টেম্বর মাসেও তিনি বেতন তুলেছেন।
অথচ গত বছরের ৫ জানুয়ারির আগে ও পরে জামায়াত-শিবিরের নাশকতার ঘটনায় সাইদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়। পলাশবাড়ী থানার পুলিশ সূত্র জানায়, সাইদুর রহমান পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির, বর্তমান জামায়াতের রোকন এবং নাশকতা-সহিংসতাসহ একাধিক মামলার পলাতক আসামি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে নাশকতার ঘটনায় কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের জন্য পুলিশ তাঁকে খুঁজছে। তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সাইদুর রহমানের নিয়োগ ও বেতন-ভাতা দেওয়ায় মাদ্রাসা কমিটির সভাপতি ও উপজেলার বেতকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শিমুল মিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন উপজেলা ১৪ দলের বেশ কয়েকজন নেতা। তাঁরা এ নিয়োগ বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। এ আবেদনে স্বাক্ষর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ তোফাজ্জল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আবু বক্কর প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধান ও সাধারণ সম্পাদক আবদুল জলিল।
জাসদের নেতা নুরুজ্জামান প্রধান বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায়। সেই দলের নেতা মাদ্রাসার সভাপতি। অথচ সেই মাদ্রাসার অধ্যক্ষ হয়ে নাশকতা মামলার একজন আসামি ও জামায়াত নেতা বেতন-ভাতা তুলছেন। পলাতক অধ্যক্ষের সঙ্গে যোগসাজশ করেই ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিমুল মিয়া বেতন ছাড় করছেন।
গাইবান্ধা সদর উপজেলার ভাজনেরখামার গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ বিল্লাহ বলেন, ‘মাদ্রাসার পাশেই আমার বাড়ি। সাইদুর রহমান এলাকায় নাশকতার মূল হোতা ও অর্থের জোগানদাতা ছিলেন। তাঁর নেতৃত্বে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে নাশকতার ঘটনা ঘটে। অথচ তাঁকেই অধ্যক্ষ পদে নিয়োগ দেন সাংসদের ভাগিনা। বিষয়টি একাধিকবার সাংসদকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
এসব অভিযোগের বিষয়ে সভাপতি ও আওয়ামী লীগ নেতা শিমুল মিয়া গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, নাশকতা মামলার আসামি হওয়ার আগেই সাইদুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাঁচ মাস যাবৎ তাঁর বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার এক কর্মচারী বলেন, গত সেপ্টেম্বর মাসেও সাইদুর রহমান বেতন তুলেছেন।
সাংসদ ইউনুছ আলী সরকার বলেন, ‘নাশকতার বিরুদ্ধে আমি সোচ্চার ভূমিকা রাখছি। এটা আমার দর্শনবিরোধী। ওই মাদ্রাসায় নাশকতা মামলার আসামিকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। এমনটা হয়ে থাকলে সভাপতিকেই পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’