নাশকতার পরিকল্পনা আঁটছিলেন জেএমবির চার সদস্য: ডিবি
বগুড়ায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত জেএমবির চার সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার রাতে বগুড়া শহরতলির সিলিমপুর উত্তরপাড়ার জেএমবির সদস্য আনিসুর রহমানের বাড়িতে সাংগঠনিক বৈঠক চলাকালে ডিবি ওই অভিযান চালায়। পুলিশ বলছে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নাশকতার চালানোর পরিকল্পনা আঁটছিলেন বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।
আটক চার জেএমবি সদস্য হলেন বগুড়ার গাবতলী উপজেলার পার কাকড়া গ্রামের ফাজলে রাব্বী (৫৮), তাঁর ছেলে সাইফুল্লাহ সাদিক (১৯), বগুড়া শহরতলির সিলিমপুর উত্তরপাড়ার ওসামা বিন আনিস (১৯) ও ইমামুস সাকলাইন ওরফে রেহান (২৩)।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমানের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন তাঁরা নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্য এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নাশকতা চালানোর পরিকল্পনা আঁটছিলেন।
পৌর নির্বাচন বা ভোটকেন্দ্রে কোনো প্রকার নাশকতার পরিকল্পনা ছিল কি না, জানতে চারজনকেই আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও জেলা পুলিশের এই কর্মকর্তা জানান। এ জন্য চারজনকে জিজ্ঞাসাবাদে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল্লাহ সাদিক জানিয়েছে, তিনি রংপুর কারমাইকেল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র।
পুলিশ আরও বলছে, অভিযান টের পেয়ে গৃহকর্তা আনিসুর রহমানসহ অন্যরা পালিয়ে গেছেন। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) খোকন আলী বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।