নাশকতার মামলায় আ.লীগ নেতাদের সনদ-বাণিজ্য
নড়াইলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে নাশকতার মামলার আসামিদের টাকার বিনিময়ে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সনদ দেখিয়ে জামিনে মুক্তি পাচ্ছেন জামায়াতের কর্মীরা।
শুধু টাকা নয়, আত্মীয়ের পরিচয় দিয়েও অনেক নেতা পুলিশের সঙ্গে যোগসাজশ করে দুর্বল ধারায় ফেলে আসামি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান এ অভিযোগ স্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, দলের অভ্যন্তরে একটি অশুভ চক্র টাকার বিনিময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ কাজটি করছে। বিষয়টি পুলিশ সুপারসহ দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। এর তদন্ত করা হচ্ছে।
আওয়ামী লীগের দুজন কর্মী অভিযোগ করেন, জামায়াত-বিএনপির অনেক কর্মী-সমর্থক টাকার বিনিময়ে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফরম সংগ্রহ করেছেন। প্রত্যয়নপত্রের জন্য পাঁচ থেকে ১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে।
সম্প্রতি জামিন পাওয়া এক ব্যক্তি বলেন, তাঁকে পুলিশ নাশকতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করে। পরে তাঁর পরিবার আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে টাকা দিয়ে তাঁর (গ্রেপ্তার হওয়া ব্যক্তির) নামে প্রত্যয়নপত্র আনে। প্রত্যয়নপত্রে তাঁকে আওয়ামী লীগের কর্মী উল্লেখ করা হয়। এ প্রত্যয়নপত্রের জন্য তাঁকে ১০ হাজার টাকা দিতে হয়েছে।
সদর উপজেলার কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তুলারামপুর ইউনিয়নের আশার আলো কলেজের অধ্যক্ষ মো. রওশন আলম খানের নামে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বানচালসহ বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগে সদর থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি মাস খানেক ধরে জেলহাজতে আছেন। জেলা ওলামা লীগের আহ্বায়ক নূর আহাদ গত ১৮ জানুয়ারি রওশন আলম খানকে প্রত্যয়নপত্র দেন। এতে রওশনকে সদর উপজেলা ওলামা লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া হয়।
ওলামা লীগের আহ্বায়ক নূর আহাদ বলেন, আওয়ামী লীগের নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম নবী আশার আলো কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। তাঁর অনুরোধে রওশন আলমকে দলের প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গোলাম নবীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাসেম বলেন, রওশন আলম খান কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। বরং তিনি তুলারামপুরের বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত। ইউনিয়ন আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে জেলা কমিটির কাছে লিখিত অভিযোগও দিয়েছে।
সদর উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের ওপর হামলার ঘটনায় মাইজপাড়া ইউনিয়নের জামায়াতের কর্মী খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে খায়রুলের আইনজীবী আদালতে আসামির জামিনের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের একটি প্রত্যয়নপত্র জমা দেন। তাতে বলা হয়, খায়রুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এসব ক্ষেত্রে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, প্রত্যয়নপত্রের বাণিজ্যের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।