নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীতে নাশকতার মামলায় পুলিশ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। এই নেতার নাম সোহেল রানা (৩৩)। তিনি গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে।
সোহেল রানাকে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ আটক করে। এরপর রাতভর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে নাশকতার একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার বাদী গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সী বলেন, সোহেল রানা বড় মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে তাঁর চেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে এই টাকা এখন তিনি জঙ্গিদের পেছনে ব্যয় করছেন।
জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঙ্গে সোহেলের মারামারি হয়েছে। বিরোধের কারণে সোহেলকে মামলা দিয়ে ফাঁসানো হতে পারে। তবে আব্দুর রশিদ বলেন, তাঁর সঙ্গে সোহেলের কোনো তিক্ততা নেই। এ অভিযোগ যদি কেউ করে থাকে তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, সোহেল রানা দলের ছেলে। দলের সব অনুষ্ঠানে আসে। এখন ভেতরে-ভেতরে কে কী করে, তা তো আর বাইরে থেকে জানা যায় না।