নাশকতার মামলায় বিএনপির ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলায় রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ আমানসহ ২৭ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আজ মঙ্গলবার পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছেন। এর আগে আরও দুটি মামলায় রফিকুল ইসলাম মিয়াসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওই মামলাগুলোতে ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান, ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক প্রমুখ।
২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু অ্যাভিনিউ রূপালী ব্যাংকের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালক নুরুল ইসলাম পল্টন থানায় এ মামলা করেন।