নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ৬
হরতালে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ও যোগীপাড়া এলাকা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন আফসার আলী (৫০), জিয়াউর রহমান (২৯), সাদিকুল ইসলাম (২৫), উজ্জ্বল হোসেন (১৯), আমিনুল ইসলাম (২০) ও খোরশেদ আলম (২৫)। এর মধ্যে আফসার আলী যোগীপাড়ার। অন্যদের বাড়ি উপজেলার ঝিকড়া এলাকায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খানের ভাষ্য, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন তাঁরা। এমন খবর পাওয়ার পর তাঁদের আটক করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সম্পাদক ওহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে আফসার আলী, জিয়াউর রহমান ও সাদিকুল ইসলাম জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী। তাঁরা কোনো নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত নন।