নাসরিন আর কোনো দিন কথা বলতে পারবেন না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম নাসরিন আক্তার। মাথাসহ শরীরজুড়ে তাঁর ধারালো অস্ত্রের আঘাত। এখনো ক্ষত শুকায়নি। কথাও বলতে পারেন না। লোকজন দেখলেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন।
নির্মম হামলার শিকার এই নারীকে এক মাস আগে ভর্তি করা হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নারী ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, গত বছরের ৪ ডিসেম্বর সুমন রানা নামের এক ব্যক্তি তাঁকে ভর্তি করে দিয়ে গেছেন। তাঁর বয়স ৩২। ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার আশুলিয়ার ভাদাইল গ্রাম। ওই নথিতে তাঁর বাবা বা স্বামীর নাম নেই।
হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, ভর্তি করে দেওয়ার পর থেকে সুমনের আর দেখা মেলেনি। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ছাড়া স্বজনসহ কোনো ব্যক্তি তাঁর খবর নিতে আসেননি। তাঁর মাথা, হাত-পা, কান, গাল, কপাল, বুক ও পেটে অন্তত ২০টি কোপের আঘাত রয়েছে। মাথা ও হাতসহ হাঁটুর ওপরের আঘাত সবচেয়ে বড়।
নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আকাশ বিশ্বাস বলেন, নাসরিনের মাথার বাঁ পাশে অন্তত ১০টি কোপের চিহ্ন ছিল। ওই আঘাতে কারণে তাঁর মগজ বের হয়ে আসে। এ জন্য তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু স্বজনদের না পেয়ে তাঁর জীবনরক্ষার জন্য যতটুকু চিকিৎসার প্রয়োজন ছিল হাসপাতালের পক্ষ থেকে তা করা হয়েছে। তিনি বলেন, মগজ থেঁতলে যাওয়াসহ রক্তনালি ছিঁড়ে যাওয়ায় তিনি কথা বলতে পারছেন না। তাঁর বাকশক্তি ফিরিয়ে আনার জন্য যে ধরনের চিকিৎসার প্রয়োজন ছিল, স্বজনদের না পাওয়ায় তা করা সম্ভব হয়নি। তাই তিনি আর সম্ভবত কথা বলতে পারবেন না।
গত রোববার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে থাকা নাসরিন নির্বাক তাকিয়ে রয়েছেন। মাথাসহ শরীরের বিভিন্ন অংশের ক্ষতগুলো এখনো শুকায়নি। তাঁর এই পরিণতির কথা জানতে চাইলে তিনি ঠোঁট নেড়েচেড়ে কিছু বলার চেষ্টা করেন। কিন্তু শত চেষ্টা করেও কথা বলতে পারেননি।
কর্তব্যরত সেবিকা জাকিয়া সুলতানা বলেন, ভর্তি হওয়ার পর থেকে নাসরিন কোনো শক্ত খাবার খেতে পারেননি। নলের সাহায্যে তাঁকে তরল খাবার খাওয়ানো হয়েছে। কিন্তু চার দিন ধরে তিনি শক্ত খাবার খেতে পারছেন।
হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, ভর্তির পর থেকে নাসরিনের স্বজনেরা কোনো যোগাযোগ করেননি। এরপরও তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। রোববার পর্যন্ত ওষুধসহ তাঁর চিকিৎসা খরচ দাঁড়িয়েছে ৩ লাখ টাকা।
জানতে চাইলে আশুলিয়া থানার এসআই রুহুল আমিন বলেন, মাস দুয়েক আগে নাসরিন ভাদাইলের রকমত আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তিনি একাই সেখানে থাকতেন। ওই কক্ষেই গত বছর ৪ ডিসেম্বর তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা হামলা চালিয়েছেন বাড়ির মালিক তা বলতে পারেননি। তিনি বলেন, ঘটনার পর হানিফ শেখ নামে এক ব্যক্তি নাসরিনের বাবা পরিচয়ে থানায় মামলা করেছেন। মামলায় রাসেল নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এরপর থেকে ওই ব্যক্তিসহ নাসরিনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রোববার রকমত আলীর বাড়িতে গিয়ে যে ঘরে নাসরিন ছিলেন সেটি তালাবদ্ধ দেখা যায়। মালামাল রক্ষায় প্রতিবেশী ভাড়াটেরা ঘরটি তালাবদ্ধ করে রেখেছেন বলে জানা যায়। জানতে চাইলে বাড়ির মালিক রকমত আলী বলেন, ‘নাসরিনকে কারা কুপিয়েছে জানি না। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি, তিনি রক্তাক্ত ও অচেতন অবস্থায় ঘরে পড়ে রয়েছেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।’