নাসিমন ভবনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের তৃতীয় তলায় গতকাল বিকেলে উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত সভাকে ঘিরে সংঘর্ষের পর সেখানে পুলিশ যায়। একটি কক্ষের সামনে পড়ে আছে ভাঙা ইটের টুকরো ও কাঠ l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের তৃতীয় তলায় গতকাল বিকেলে উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত সভাকে ঘিরে সংঘর্ষের পর সেখানে পুলিশ যায়। একটি কক্ষের সামনে পড়ে আছে ভাঙা ইটের টুকরো ও কাঠ l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত সভায় নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। সভাটি তৃতীয় তলার একটি কক্ষে হচ্ছিল। এ সময় কিছু নেতা-কর্মী ভবনের তৃতীয় তলার দরজা-জানালা ও চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ঘটে।

সভায় উপস্থিত কয়েকজন নেতা-কর্মী বলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা ও কলেজ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা নিয়ে গতকাল বর্ধিত সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন দুই পক্ষের নেতারা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই খবর বাইরে ছড়িয়ে পড়লে ছাত্রদলের কিছু কর্মী-সমর্থক নাসিমন ভবন চত্বরে জড়ো হন। সেখান থেকে তাঁরা তৃতীয় তলায় ওঠে ভাঙচুর করেন। ভাঙচুরের সময় আরেক পক্ষ তাঁদের ধাওয়া করে।

দলীয় সূত্র জানায়, হামলাকারীরা উত্তর জেলা বিএনপির এক নেতার অনুসারী। কয়েক মিনিট ভাঙচুর চালিয়ে তাঁরা দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ভাঙচুরকারীরা পালিয়ে যান।

উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম গতকালের ঘটনার জন্য কমিটির সাংগঠনিক সম্পাদক আনিস আক্তারকে দায়ী করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা উপজেলা ও কলেজের পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি করার ব্যাপারে বর্ধিত সভা ডেকেছিলাম। বর্ধিত সভায় বিষয়টি নিয়ে আলোচনার সময় আনিস আক্তারসহ দুজন বিরোধিতা করেন। তাঁরা পুরোনো কমিটি বহাল রাখার পক্ষে মত দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হলে বহিরাগত ও ছাত্রলীগের ক্যাডার ডেকে দলীয় কার্যালয়ে হামলা চালায় তারা। পরে আমাদের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।’

অভিযোগের বিষয়ে উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তাঁরা নিজেদের ইচ্ছেমতো কমিটি চালাতে চান। বর্ধিত সভায় অশোভন আচরণের কারণে ক্ষুব্ধ কর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর চড়াও হন।