নাসিমের জন্য ছাত্রলীগের সমাবেশেও গুলি-বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যার প্রতিবাদে আজ শনিবার ছাত্র সমাবেশের আয়োজন করে নগর ছাত্রলীগের একাংশ। তবে সেই সমাবেশ ফাঁকা গুলি, বিশৃঙ্খলা আর চেয়ার ছোড়াছুড়ির মধ্যে দিয়ে শেষ হয়। ছবি: সৌরভ দাশ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যার প্রতিবাদে আজ শনিবার ছাত্র সমাবেশের আয়োজন করে নগর ছাত্রলীগের একাংশ। তবে সেই সমাবেশ ফাঁকা গুলি, বিশৃঙ্খলা আর চেয়ার ছোড়াছুড়ির মধ্যে দিয়ে শেষ হয়। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য নাসিম আহমেদ সোহেল হত্যার প্রতিবাদে আজ শনিবার ছাত্র সমাবেশের আয়োজন করে নগর ছাত্রলীগের একাংশ। তবে সেই সমাবেশও ফাঁকা গুলি, বিশৃঙ্খলা আর চেয়ার ছোড়াছুড়ির মধ্যে দিয়ে শেষ হয়।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল সাড়ে তিনটায় নির্ধারিত থাকলেও সমাবেশ শুরু হয় চারটার পর। তার আগেই বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন। সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন না। সমাবেশের সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সহসভাপতি মিঠুন মল্লিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য আবদুল লতিফ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে সমাবেশ চলার সময়ে সভাস্থলের পাশে হঠাৎ দু-তিনজন চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এতে আশপাশের কর্মীরা ছোটাছুটি শুরু করেন। এই সময়ে সভামঞ্চ থেকে সবাইকে শান্ত থাকতে এবং সভাস্থলে ফিরে আসতে বারবার অনুরোধ করা হয়। এই ঘটনার অল্প সময়ের মধ্যেই আবার সবাই সভাস্থলে জড়ো হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাবেশ সমাপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে আবারও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এই সময় সমাবেশের ভিড় থেকে একটি ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।
সমাবেশে উপস্থিত থাকা ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল। কিন্তু এর মধ্যে কিছু বহিরাগত অপরিচিত ছেলে ঢুকে পড়ে। এঁরা সমাবেশ চলার সময় হঠাৎ করে চেয়ার ছুড়তে শুরু করে। এঁদের তখন ধরতে পারিনি। সমাবেশ সমাপ্ত ঘোষণার পরপরই আবারও এঁরা চেয়ার ও গুলি ছুড়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। এদের দুজনকে আটক করার চেষ্টা করেছিলাম। কিন্তু ভিড়ের মধ্যে হাত ফসকে পালিয়ে যায়।’
সমাবেশ শেষ হওয়ার পরপর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী মাইকে বলতে থাকেন, কিছু দুষ্কৃতিকারী সমাবেশে ঢুকে পড়েছে। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খলার কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে সমাবেশ শেষ। কী হয়েছে পুরো জানতে পারিনি। তবে বড় কোনো ঝামেলা হয়নি।
এদিকে ছাত্র সমাবেশে বক্তারা বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়। সিটি করপোরেশন ও জনগণের করের টাকায় এটি চলে। অথচ আওয়ামী লীগ নামধারী একটি চক্র এই বিশ্ববিদ্যালয়টি দখল করতে চাচ্ছে। নাসিম আহমেদকে তাঁদের স্বার্থের বলি হতে হয়েছে।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাসিমের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় সমাবেশে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন।