নাসির গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৮০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দল।
সম্প্রতি দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম এ বিষয়ে প্রতিবেদন জমা দেন বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
প্রতিবেদনে নাসির গ্রুপের চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আসামি করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মালিক ও এক কর্মচারী এবং দুই হুন্ডি ব্যবসায়ীকে আসামি করার সুপারিশ করা হয়েছে। যাঁদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন, নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস, মহাব্যবস্থাপক (আমদানি) মো. আলফাজ উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. শামীম আহম্মেদ, মহাব্যবস্থাপক (ফাইন্যান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, হিসাবরক্ষক মো. শামীম, এ জে মানি এক্সচেঞ্জের মালিক সাইফুল বিশ্বাস, কর্মচারী মো. এমদাদুল, হুন্ডি ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ ও তাঁর ছেলে মো. আদিল আহমেদ।
দুদক সূত্র জানায়, আমদানি করা পণ্যের প্রতিটি এলসির বিপরীতে নাসির গ্রুপ বিপুল পরিমাণ মার্কিন ডলার হুন্ডির মাধ্যমে পাচার করেছে। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব ফাঁকি ও তা অবৈধভাবে পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যের এইচএস কোড পরিবর্তন করে নাসির গ্রুপ বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে থাকে। রাজস্ব বিভাগের কর্মকর্তাদের ঘুষ দিয়ে প্রতিবছর আনুমানিক ৫ থেকে ৭০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি।