নাসির গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ফের অনুসন্ধানের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৮০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ গ্রহণ না করে আরও খতিয়ে দেখতে আবার অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
দুদক সূত্র জানিয়েছে, গতকাল বুধবার অনুসন্ধান কর্মকর্তার কাছে মামলার নথি পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত ২০ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম ১০ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন। কমিশনার নাসিরউদ্দিন আহমেদ অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ অনুযায়ী মামলার অনুমোদন দেন। অন্য কমিশনার মো. সাহাবুদ্দিন আরও কয়েকটি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন মন্তব্য করে পুনরায় অনুসন্ধানের জন্য নথিটি অনুসন্ধান কর্মকর্তার কাছে ফেরত পাঠানোর পরামর্শ দেন। দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান কমিশনার সাহাবুদ্দিনের সঙ্গে একমত পোষণ করে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, আমদানি করা পণ্যের প্রতিটি এলসির বিপরীতে নাসির গ্রুপ বিপুল পরিমাণ মার্কিন ডলার হুন্ডির মাধ্যমে পাচার করেছে। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব ফাঁকি ও তা অবৈধভাবে পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অনুসন্ধান প্রতিবেদনে জানানো হয়, পণ্যের এইচএস কোড পরিবর্তন করে নাসির গ্রুপ বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে থাকে। রাজস্ব বিভাগের কর্মকর্তাদের ঘুষ দিয়ে প্রতি বছর প্রায় পাঁচ থেকে ৭০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি।
অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনে নাসির গ্রুপের চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আসামি করার সুপারিশ করা হয়। এ ছাড়া মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মালিক ও এক কর্মচারী এবং দুই হুন্ডি ব্যবসায়ীকে আসামি করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁরা হলেন নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাস, মহাব্যবস্থাপক (আমদানি) মো. আলফাজ উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. শামীম আহম্মেদ, মহাব্যবস্থাপক (ফাইনান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, হিসাবরক্ষক মো. শামীম, এ জে মানি এক্সচেঞ্জের মালিক সাইফুল বিশ্বাস, কর্মচারী মো. এমদাদুল, হুন্ডি ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ ও তাঁর ছেলে মো. আদিল আহমেদ।