নাসির গ্রুপের বিরুদ্ধে মামলা করছে দুদক
প্রায় ৮০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান নিশ্চিত করেছেন।
গত ২০ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম ১০ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন।
দুদক সূত্র জানায়, আমদানি করা পণ্যের প্রতিটি ঋণপত্রের (এলসি) বিপরীতে নাসির গ্রুপ বিপুল পরিমাণ মার্কিন ডলার হুন্ডির মাধ্যমে পাচার করেছে। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব ফাঁকি ও তা অবৈধভাবে পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ওয়ান ব্যাংকের ১১ কর্মকর্তাকে তলব: ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জোহরা বিবিসহ ১১ জ্যেষ্ঠ কর্মকর্তাকে তলব করেছে দুদক।
আনন্দ শিপইয়ার্ডকে ওয়ান ব্যাংকের মতিঝিল শাখা থেকে দেওয়া ১১৪ কোটি ২১ লাখ টাকা ঋণের বিষয়ে এসব কর্মকর্তার বক্তব্য জানতে তাঁদের তলব করা হয়েছে।