চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রচারণা চালানোর সময় গতকাল রোববার নাসির-মিনহাজ পরিষদের প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে
বলে অভিযোগ পাওয়া গেছে। প্রচারণার সময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেন পরিষদের নেতারা।
গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় এ ঘটনা ঘটে। স্বাচিপ চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক শেখ শফিউল আজমের নেতৃত্বে নাসির-মিনহাজ পরিষদের কয়েকজন প্রার্থী তখন প্রচারণা চালাচ্ছিলেন। এ ঘটনায় বিকেলে নাসির-মিনহাজ পরিষদ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ শফিউল আজম বলেন, ‘সকাল ১০টা থেকে আমরা মেডিকেল কলেজে প্রচারণা চালাই। বেলা পৌনে একটার দিকে কিছু ছাত্র ও অচেনা যুবক আমাদের প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় বাধা দেন। এ সময় তাঁরা একজন নেতার নামে এবং ছাত্রলীগের নামে স্লোগান দেন। একপর্যায়ে কেন্দ্রীয় কাউন্সিলর প্রার্থী এ কিউ এম জিসানুর রহমানকে ছাত্র সংসদের দিকে নিয়ে গিয়ে শারীরিকভাবে নাজেহাল করা হয়।’
এক প্রশ্নের জবাবে শেখ শফিউল আজম বলেন, তাঁরা সিটি মেয়র নাছির (ভাইয়ের) নামে স্লোগান দিয়ে প্রচারণায় বাধা দেন এবং গালাগাল করেন। মুজিবুল-ফয়সাল পরিষদের পক্ষ নিয়ে তাঁরা এই আচরণ করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি প্রার্থী নাসির উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান, স্বাচিপের
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবদুর রউফ, আবু মনসুর মো. নিজামুদ্দিন খালেদ, সদস্য
প্রার্থী মো. আবু তৈয়ব, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক প্রার্থী মেজবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক
সম্পাদক প্রার্থী বিপ্লব পালিত প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে মুজিবুল হক খান-ফয়সাল ইকবাল চৌধুরী পরিষদের সভাপতি প্রার্থী মুজিবুল হক খান বলেন, ‘তাঁদের বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। তবে এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’