নাসিরনগরে আবার আগুন, বিএনপি নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় উপজেলা সদর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি আমিরুল হোসেন চকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে আমিরুলের বড় ভাই কামরুল হোসেন চকদার তাঁর ভাইকে নির্দোষ দাবি করেছেন।
ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যেও বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে আবার আগুন লাগার ঘটনা ঘটেছে। অঞ্জন কুমার বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে আগুনে গোয়ালঘর ও ঘরে থাকা কাঠ পুড়ে গেছে। নাসিরনগর থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাঁর নাম নিয়তি চক্রবর্তী (৭৫)। তিনি সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের রাধামহনের স্ত্রী। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই বৃদ্ধার টিনের ঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কুপি থেকে আগুন লেগেছে।
স্থানীয় আওয়ামী লীগ চুপ: গত ৩০ অক্টোবর দুপুরে মন্দির ও বাড়িঘরে হামলার আগে আহলে সুন্নাত ওয়াল জামাআতের দুটি অংশের সমাবেশে যোগ দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক ও নাসিরনগর সদর ইউপির চেয়ারম্যান আবুল হাশেম, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া।
হামলার আগে জেলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো ছায়েদুল হকের বিরুদ্ধে মানববন্ধন, সভা ও সমাবেশ করেছে। এমনকি ৩০ অক্টোবর হামলার কয়েক দিন পরও সন্ধ্যায় জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ছায়েদুল হকের অপসারণের দাবিতে মিছিল করেন। এখন পরিস্থিতির কারণে দলের সব পক্ষই চুপচাপ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, এখন সব স্বাভাবিক। বহিষ্কৃত তিন নেতা প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশে যোগ দেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘দলীয় কোন্দলের আভাস পেলে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলতাম। আমি যেটা দেখেছি, হয়তো কেউ ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যেটাই হোক, রিপোর্ট পেলে আমরা স্পষ্ট হব।’
ওই হামলার নেপথ্যে মন্ত্রী ছায়েদুল হক ও সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব কাজ করেছে কি না, তা নিয়ে এলাকায় আলোচনা আছে। পুলিশের প্রতিবেদনেও হামলার পেছনের কারণ হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শওকত হোসেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার পেছনে কোন্দল নয়, ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। কাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগরের ঘটনায় এখনো তদন্ত চলছে। বেশ কয়েকটি দল কাজ করছে। কী পাওয়া গেল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বলা যাবে না।
পুলিশের সঙ্গে মতবিনিময়: নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট ঈদগাহ মাঠে গতকাল বিকেলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। ভলাকুট ইউপির চেয়ারম্যান বাকি বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম ও নাসিরনগর থানার ওসি আবু জাফর।
বাছবিচার ছাড়াই গ্রেপ্তার!: অভিযোগ উঠেছে, পুলিশ কোনো ধরনের বাছবিচার না করেই স্থানীয় লোকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া হোটেল শ্রমিক সাবজাল মিয়া (১৮), মুদি দোকানদার আবদুর রহিম (২৫), চা দোকানদার শিপন মিয়া (২০), দিনমজুর গোলাপ খাঁ (৪৬), শ্রমিক সুরুজ মিয়া (৩২), রিকশাচালক ইনসাফ আলী (৫০), সিএনজিচালক নাজমুল হোসেন (৩০), ট্রাকচালক তারেক মিয়াসহ (৩০) অনেক পরিবারের অভিযোগ এটি।
নাসিরনগরের হামলার ঘটনার যেসব ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাতে দেখা গেছে, হামলাকারীদের বয়স ১৩ থেকে ২০। কিন্তু পুলিশ যাঁদের গ্রেপ্তার করেছে, তাঁদের বেশির ভাগেরই বয়স ২৫ থেকে ৪০। এমনকি ৫০ ও ৬০ বছরের লোকজনও আছেন। এলাকার লোকজনের অভিযোগ, পুলিশ ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের কথা বললেও এই দাবি ভিত্তিহীন।
এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ এবং ধৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করছি। আর পুলিশ কোথাও কোনো ভাঙচুর মারামারি করছে না, এমন কথা আমার জানা নেই। তারপরও পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’