নাসিরনগরে আবার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চেঙ্গাপাড়া গ্রামের চোট্টু লাল দাসের বাড়ির একটি ঘরে শনিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকা মূল্যের মাছ ধরার জাল পুড়ে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চেঙ্গাপাড়া গ্রামের চোট্টু লাল দাসের বাড়ির একটি ঘরে শনিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকা মূল্যের মাছ ধরার জাল পুড়ে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

কঠোর নিরাপত্তার মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেঙ্গাপাড়া গ্রামের চোট্টু লাল দাসের বাড়ির রান্নাঘরের পাশের একচালা টিনের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন বলেন, গত ৩০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর থেকে উপজেলার বিভিন্ন মন্দির এবং পাড়ায় পুলিশি টহলের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজন পাহারা দিচ্ছেন। এসবের মধ্যেও ৩০ অক্টোবরের পর গতকাল ভোর পর্যন্ত তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানান, রঙ্গন নদীর পারে চেঙ্গাপাড়া গ্রামে ৫৩টি জেলে পরিবার বসবাস করে। এর মধ্যে শুধু একটি পরিবার মুসলিম। গত শনিবার দিবাগত রাতে গ্রামবাসীর সঙ্গে চোট্টু দাসের কিশোর ছেলে সুজিত দাস গ্রাম পাহারায় অংশ নেয়। পরে ভোর চারটার দিকে সে ঘরে ফিরে যায়। সুজিত দাস প্রথম আলোকে বলে, সে ঘরে ঢোকার কিছুক্ষণ পরই একটি ঘরে আগুন জ্বলতে দেখে। এরপর লোকজন এসে আগুন নেভায়। চোট্টু লাল দাস বলেন, আশপাশের কারও সঙ্গে তাঁদের বিরোধ নেই। আগুনে পাঁচটি মাছ ধরার জাল পুড়ে গেছে। লাখ টাকার ক্ষতি হয়েছে।
গ্রামের বাসিন্দা সরত দাস বলেন, ‘আমরা আগে রাইতে মাছ ধইরা দিনে বেছতাম। এইডা আমরার পেশা। অহন রাইত জাইগা পাহারা দেই। মাছ ধরতাম ফারি না। পেটে ভাত নাই। এর ফরও আগুন। আমরা জানি না কেমনে এগুলি অইতাছে।’
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বলেন, উপজেলা সদরে চার শতাধিক পুলিশ, বিজিবি ও র্যা ব সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। রোববার ভোরের ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলার ঘটনায় ঘটে। এর পাঁচ দিন পর ৪ নভেম্বর উপজেলা সদরে পুলিশি নিরাপত্তার মধ্যে পাঁচটি ঘর ও একটি মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এরপর ৬ নভেম্বর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় পাঁচটি মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে।