নাসিরনগরে আরও তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে উপজেলার ভূরিশ্বর ইউনিয়নের বেনিপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজান মিয়া (৩৫), অপু মিয়া (৩২) ও সজীব চৌধুরী (৩০)। তাঁদের বাড়ি ভূরিশ্বর ইউনিয়নের বেনিপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের মধ্যে মিজান মিয়া ও অপু মিয়াকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সজীব চৌধুরীকে পুলিশ থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, এখন পর্যন্ত ১২১ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ঘটনার দিনের ভিডিও ফুটেজের মাধ্যমে আরও শতাধিক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। যাঁরা পলাতক রয়েছেন, তাঁদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর আরও ছয়টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আট মামলায় হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানসহ এ পর্যন্ত ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।