নাসিরনগরে এবার ভাইস চেয়ারম্যানের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যেও আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে তাঁর বাড়ির গোয়ালঘরে থাকা কাঠসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

অঞ্জন কুমার দেব বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে তা নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে গোয়ালঘর ও ঘরে থাকা কাঠ পুড়ে গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, আগুন নেভানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সেখানে অবস্থান করছেন।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা তিন দফায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করে।

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আজ বুধবার পর্যন্ত ৯০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।