নাসিরনগরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় চাপড়তলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান (২৫) আহত হয়েছেন।
জাহাঙ্গীর হাসান বলছেন, ডাকাতের হামলায় তিনি আহত হয়েছেন। তবে পুলিশের দাবি, গ্রামে দুটি পক্ষের কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীর চাপড়তলা গ্রামের আদম আলীর ছেলে। তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নাসিরনগর-ছাতিয়াইন সড়কের চাপড়তলার পশ্চিম পাশে কয়েকজন দুর্বৃত্ত জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীরকে রামদা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে ফারুক মিয়া নামের একজনকে আটক করে। বাকি হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী ফারুককে নাসিরনগর থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
জাহাঙ্গীর বলেন, ‘রাত ১২টার দিকে মুঠোফোনে কথা বলার জন্য বাড়ি থেকে বের হই। নাসিরনগর-ছাতিয়াইন সড়কে পৌঁছামাত্র একদল লোক ছুরি দিয়ে আমার গলায় আঘাত করে। পরে রামদা ও ছুরি দিয়ে আমার সারা শরীরে আঘাত করে। এ সময় চিৎকার শুরু করলে ডাকাত দলের সদস্যরা পালাতে শুরু করে। হামলাকারীরা সবই ডাকাত দলের সদস্য।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, গ্রামে শওকত হোসেন ও দানা মিয়া নামে দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক কারণে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আহত হয়েছেন। চাপড়তলা গ্রামের শওকত হোসেন ও দানা মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।