নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল মিয়া চিতনা গ্রামের নাসির মিয়ার ছেলে।

রুবেলের বাবা গুরুতর আহত নাসির মিয়া (৫৫), মা রোকেয়া বেগম (৪৫), ছোট ভাইয়ের স্ত্রী আহেদা আক্তারকে (২০) ও প্রতিপক্ষের শুক্কুর মিয়াকে (২৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি ফসলি জমি নিয়ে চিতনা গ্রামের মজু মিয়ার সঙ্গে একই গ্রামের নাসির মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদ ও সালিস বৈঠক হয়েছে। আজ সকাল নয়টার দিকে রুবেল মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হাল চাষ করতে যান। তাঁকে প্রথমে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। পরে রুবেল মিয়াকে মারধর করে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন রুবেল মিয়া, নাসির মিয়া, রোকেয়া বেগম, আহেদা আক্তার ও শুক্কুর মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে সোমবার বিকেলে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে সংঘর্ষের ঘটনায় রুবেল খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।