নাসিরনগরে পাওনা টাকা চাওয়ায় প্রবাসী খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা চাওয়ায় রবিউল আওয়াল (২৮) নামের এক প্রবাসী খুন হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রবিউল উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের রহমত আলীর ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের আজগর আলী (৩৫) ও তাঁর স্ত্রী উরনা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিমপাড়া গ্রামের রবিউল আওয়াল ও প্রতিবেশী খোরদেশ আলীর ছেলে নুর মিয়া (৩২) পাঁচ থেকে ছয় বছর আগে দুবাই যান। সেখানে দুই বছর আগে নুর মিয়া রবিউল আওয়ালের কাছ থেকে দুই লাখ টাকা ধার দেন। এর পরপর নুর মিয়া চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। গত ২০ সেপ্টেম্বর রবিউল ছুটিতে দেশে আসেন। রবিউল দেশে ফিরে পাওনা দুই লাখ টাকার জন্য নুর মিয়াকে চাপ দিতে থাকেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার সকালেও সালিস বৈঠক হওয়ার কথা ছিল। গত সোমবার রাত ১১টার দিকে টাকা দেওয়ার কথা বলে মুঠোফোনে রবিউলকে ডেকে নেন নুর মিয়ার বড় ভাই আজগর আলী। কিছুক্ষণ পর তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন আজগর আলী ও নুর মিয়া রবিউল অওয়ালকে মারধর করতে থাকেন। একপর্যায়ে রবিউল দৌড়ে নিজ বাড়ির সীমানায় ঢুকে বিষয়টি তাঁর পরিবারের লোকজনকে জানানোর পর অচেতন হয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সোমবার রাতেই রবিউলের লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ আজগর আলী ও তাঁর স্ত্রী উরনা বেগমকে গ্রেপ্তার করেছে। নুর মিয়া পালিয়ে গেছেন।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, আজগর আলী এ খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা শিলপাটা দিয়ে রবিউলের মাথা, পিঠ ও গোপনাঙ্গে আঘাত করেছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।