নাসিরনগরে ব্যবসায়ী খুন, ত্রিশালে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত শনিবার প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এদিকে গতকাল রোববার ময়মনসিংহের ত্রিশালে রফিকুল ইসলাম (২৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রফিকুলের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
করিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে শনিবার বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের করিমের সঙ্গে একই গ্রামের খাদেম আলী ও আবদুল আহাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খাদেম আলী ও আহাদের লোকজন করিমকে মারধর করে। এ সময় করিম মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তিনি মারা যান।
ত্রিশাল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ত্রিশালের রায়ের গ্রাম এলাকায় ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রফিকুল গফরগাঁওয়ের টাঙ্গাব গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
রফিকুলের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রফিকুল গাজীপুরের শ্রীপুরে তাঁর মামার বাড়িতে বেড়াতে যান। মামার বাড়ির লোকজনের সঙ্গে তাঁদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।