নাসিরনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ভাতিজার ছুরি আঘাতে হাতে চাচা মতিলাল দাস (৪৮) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের এ ঘটনা ঘটে।
নিহত মতিলাল দাস (৪৮) উপজেলা সদরের কাশিপাড়া এলাকার মুকন্দ দাসের ছেলে। বড় ভাই হরেন্দ্র দাসের ছেলে সুজিত দাস (৩০) ছুরিকাঘাত করে মতিলালকে খুন করেছেন।
নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, হরেন্দ্র দাসের ছেলে সুজিত দাস দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। গত শনিবার সুজিত এলাকার অনেক মানুষকে কামড় দিয়েছেন। এলাকার লোকজন বিষয়টি তাঁর পরিবারের কাছে অভিযোগ করেন। পরিবারের লোকজন ভারসাম্যহীনতার কথা চিন্তা করে সুজিতকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পরিবারের লোকজন সুজিতকে শিকল দিয়ে বাঁধে রাখেন। শিকলের বাঁধন খুলে ফেলায় পরিবারের লোকজন তাঁকে আবার বাঁধার চেষ্টা করেন। এ সময় এগিয়ে গেলে চাচা মতিলালের পেটে ছুরি দিয়ে আঘাত করেন সুজিত। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মতিলালকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, শিকলে বাঁধার সময় মানসিক ভারসাম্যহীন ভাতিজার ছুরিকাঘাতে চাচা মতিলাল খুন হন। সুজিত দাসকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।