নাসিরনগরে মা ও শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মা ও তিন মাস বয়সী এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে শিশুকে হত্যা করে মা নিজেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। আজ শুক্রবার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বুড়িশ্বর গ্রামের মৃত আবিদ মিয়ার ছেলে দুবাই প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী ফারজানা বেগম (২২) ও তাঁর তিন মাস বয়সী ছেলে শিশু শফিকুল ইসলাম ওরফে তানভির।

বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলু মিয়ার ভাষ্য, নূর উদ্দিনের বাড়ির উঠানের পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় ফারজানার মৃতদেহ ও ঘরের ভেতর বিছানা থেকে শিশু শফিকুলের লাশ উদ্ধার করা হয়। দুই মাস আগে নূর উদ্দিন দুবাই থেকে দেশে ফিরে আসেন।

স্থানীয় লোকজন ও পুলিশের তথ্যমতে, আগামীকাল শনিবার নূর উদ্দিনের দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। গতকাল দুবাই যাওয়া নিয়ে ফারজানা ও নূর উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। ফারজানা স্বামীকে দুবাই যেতে নিষেধ করেন। কিন্তু নূর উদ্দিন তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এ কারণে রাগে-অভিমানে রাতের কোনো এক সময় ফারজানা বিছানায় তাঁর শিশু সন্তান শফিকুলকে হত্যা করে নিজে বাড়ির উঠানের পেয়ারা গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের প্রথম আলোকে বলেন, গৃহবধূ ফারজানা তাঁর শিশু সন্তানকে গলা টিপে হত্যা করার পর নিজেই পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই গৃহবধূর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির সবাই পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।