নাসিরনগরে সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে চান মিয়া (৫৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ইদু মিয়ার ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে কচুয়া গ্রামের আক্কাস আলীর (৬৫) সঙ্গে প্রতিবেশী শুক্কুর আলীর (৫৫) বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল বিকেল পাঁচটার দিকে উভয় পরিবারের লোকজন ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাড়ে পাঁচটার দিকে একই গ্রামের চান মিয়াসহ কয়েকজন লোক সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যান। এ সময় চান মিয়ার মাথায় ইটের আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর আক্কাস আলী ও শুক্কুর আলী এবং তাঁদের পরিবারের সদস্যরা গা ঢাকা দেন।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল আহাদ বলেন, চান মিয়া ভালো মানুষ ছিলেন।

চাতলপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  ফজলুল হক বলেন, চান মিয়ার লাশ পুলিশের জিম্মায় রয়েছে। আগামীকাল (আজ বুধবার) সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।