নাসিরনগরে সংঘর্ষে নিহত ১ আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রাস্তা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধরমণ্ডল পূর্ব গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বরজু মিয়ার (৫০) বাড়ির লোকজনের বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ ওই রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন রামদা, বল্লম, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রামদা, বল্লম ও ছুরির আঘাতে ঘটনাস্থলেই বরজু মারা যান। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁর লাশ উদ্ধার করে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে ওই সংঘর্ষে জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম (৩২), রুহুল আমিন (৫৫), হাবিবুর রহমান (৩৫), মারুফ মিয়া (৩০), রিপন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের গতকাল রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।