নাসিরনগরে সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রহমত আলী (৫৫)। তাঁর বাড়ি ধানতলিয়া গ্রামে। সংঘর্ষের ঘটনায় একই গ্রামের মাঈনউদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ধানতলিয়া গ্রামের ফজলুর রহমান, আবিদ খাঁ ও আবদুল মালেকের লোকজনের সঙ্গে একই গ্রামের জামির খাঁ, সাত্তার মিয়া ও শামীম মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন রামদা, বল্লম, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শামীম মিয়ার পক্ষের রহমত আলী আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবদুল আহাদ বলেন, শামীম ও আজাদ খাঁর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল শামীম মিয়া ও আজাদ খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরের কোথাও জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় জমির খাঁর পক্ষের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।