নাসিরনগরে সড়কে ডাকাতি আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল এলাকায় গত শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় আইনজীবী মুজিবুর রহমান (৪৫) ও আবদুর রাজ্জাক (৫০) আহত হয়েছেন।
মুজিবুর রহমান উপজেলার কুণ্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এবং আবদুর রাজ্জাক বর্তমান ইউপির সদস্য। তাঁরা কুণ্ডা ইউনিয়নের মুসলেন্দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রোববার প্রথম প্রহরে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মুজিবুর রহমান ও আবদুর রাজ্জাক। পথে দাঁতমণ্ডল এলাকায় সাত-আটজন ডাকাত অটোরিকশার গতিরোধ করে হামলা চালায়। তাঁরা ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ডাকাত দল তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন, ঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।