নাসিরনগরে সরকারি দপ্তরে সিলমারা ব্যালট পেপার তছনছ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সংরক্ষণকক্ষের (স্টোররুম) তালা ভেঙে সিলমারা ব্যালট পেপার তছনছ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ধরমন্ডল ও ফান্দাউক ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূঞা। ফলাফল ঘোষণার পর ওই দুই ইউপির ১৮টি কেন্দ্রের সিলমারা ব্যালট পেপার বস্তায় ভরে সিলগালা করে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সংরক্ষণকক্ষে সাজিয়ে রাখেন। পরে ওই কক্ষে তাঁরা তালা ঝুলিয়ে দেন। এর মধ্যে ফান্দাউক ও ধরমন্ডল ইউপির ব্যালট পেপার রাখা কক্ষে হানা দেয় দুর্বৃত্তরা। তারা ব্যালট পেপারের সিলগালা বস্তাগুলো তছনছ করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই কক্ষে নতুন তালা ঝুলিয়ে দেয়।
ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহম্মদ জানান, ব্যালট পেপার রাখা বস্তার মুখ খোলা দেখে মনে হচ্ছে চুরি হয়ে থাকতে পারে। তবে নিয়ম না থাকায় তাঁরা এসব গুনে দেখেননি।