নাসিরনগরে হামলা আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার এবং গতকাল সোমবার উপজেলা সদর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা সদরের পশ্চিমপাড়ার বাসিন্দা মো. সাদ্দাম (২৮) ও মো. তবারক রেজা (৩৫), আনন্দপুর গ্রামের আহাম্মদ আলী (৪৫) এবং আশুরাইল গ্রামের দুদ লাল (৬৫)। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলা-ভাঙচুরের ঘটনায় ধারণ করা ভিডিও ফুটেজের মাধ্যমে গ্রেপ্তার এই ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। পরে রোববার রাতে পশ্চিমপাড়া ও আনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথম তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে আশুরাইল থেকে গ্রেপ্তার করা হয় দুদ লালকে। তাঁদের মধ্যে তবারক ও সাদ্দামের বিরুদ্ধে থানায় আগে থেকেই মামলা রয়েছে। নাসিরনগর থানার এক পুলিশের অস্ত্র হারানোর ঘটনায় করা মামলায় তবারক ও একটি গণধর্ষণের অভিযোগে করা মামলায় সাদ্দাম আসামি।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বলেন, ভিডিও ফুটেজ দেখে এই ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। আহাম্মদ ও তবারককে উপজেলা সদরের গৌর মন্দির ও দত্তবাড়ির মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ দুজন ছাড়াও সাদ্দামকে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নাসিরনগরে হামলার ঘটনায় এ পর্যন্ত আট মামলায় ১১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বছরের ৩০ অক্টোবর রাতে নাসিরনগরে রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুক থেকে ধর্ম অবমাননাকর ছবি পোস্টের অভিযোগকে কেন্দ্র করে এ উপজেলা সদরে ওই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। নাসিরনগর সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হরিণবেড় এলাকায় রসরাজদের বাড়িও ভাঙচুর করা হয়। এরপর বাড়িঘর-মন্দিরে আরও চার দফায় চালানো হয় ভাঙচুর-অগ্নিসংযোগ।