নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও চারজন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নাসিরনগরের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় মোট ৮৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
জেলা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সৈয়দ মাহবুব হাসান (৩৩), হীরা মোল্লা (৩৩); একই ইউনিয়নের শংকরাদহ গ্রামের সুজন পাঠান (২৬) ও গোকর্ণ ইউনিয়নের নুরপুর পশ্চিমপাড়া গ্রামের মহসিন খান (২৩)। মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক দিন পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি ও স্থানীয় বাসিন্দাদের পাহারার মধ্যে আরও কয়েকবার হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, নাসিরনগরে হামলার ঘটনায় থানায় সাতটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৮৯ জনকে গ্রেপ্তার করেছে।