নাসিরনগরে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের রান্নাঘর ও পারিবারিক মন্দিরে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে তথ্য ও ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটা পর থেকে উপজেলা সদর ও হরিপুর ইউনিয়নে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি বিষয়কে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার চার দিন পর ৪ নভেম্বর ভোরে আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের একটি পারিবারিক মন্দির এবং পাঁচটি গোয়াল ও রান্নাঘরে আগুন দেয় দুষ্কৃতকারীরা। একইভাবে ৫ নভেম্বর সন্ধ্যায়, সর্বশেষ ব্যাপক নিরাপত্তার মধ্যেও গতকাল রোববার ভোরে পশ্চিমপাড়ার চেংরাপাড়া মহল্লার ছোট্টু লাল দাসের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের পরিত্যক্ত গোয়ালঘর ও রান্নাঘরে একাধিকবার আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে এবং ওই দুষ্কৃতকারী গ্রেপ্তার হলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
মাইকিং করে বলা হয়, তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে ০১৭১৩৩৭৩৭২৪, ০১৭১৩৩৭৩৭২৫, ০১৭১৩৩৭৩৭২৭ ও ০১৭১৩৩৭৩৭৩৩ নম্বরে যোগাযোগ করতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, গত শনিবার দিবাগত রাতে পশ্চিমপাড়ার একটি ঘরে আগুন দেওয়ার ঘটনায় ছোট্টু লাল দাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ পর্যন্ত নাসিরনগর থানায় এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম প্রথম আলোকে বলেন, ৩০ অক্টোবরের হামলার পর হিন্দু সম্প্রদায়ের যেসব পরিত্যক্ত রান্নাঘর ও গোয়ালঘরে আগুন দেওয়া হয়েছে। এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে বা তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে এলাকায় মাইকিং শুরু করা হয়েছে। আজ বিকেল পাঁচটার পর উপজেলা সদর ও হপিরপুর ইউনিয়নে মাইকিং করা হয়েছে। পর্যায়ক্রমে সব জায়গায় মাইকিং করা হবে। তথ্যদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি বিষয়কে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার চার দিন পর ৪ নভেম্বর ভোরে আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের একটি পারিবারিক মন্দির এবং পাঁচটি গোয়াল ও রান্নাঘরে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এসব ঘটনায় নাসিরনগর থানায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। ওই পাঁচ মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট ৮৪ জনকে আটক করেছে।
পরিদর্শনে শত নাগরিক কমিটির প্রতিনিধিদল
এদিকে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শত নাগরিক কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে কমিটির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা গৌর মন্দিরে একটি সমাবেশ করে এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এমাজউদ্দীন আহমদ বলেন, নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনাটি ন্যক্কারজনক। এলাকার নিরপরাধ ব্যক্তিরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সরকারের দায়িত্ব নিতে হবে। তাদের নির্বিঘ্নেœচলাচলের পরিবেশ তৈরির জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।
ওই প্রতিনিধিদলে ছিলেন শত নাগরিক কমিটির সদস্যসচিব কবি আবদুল হাই শিকদার, যুগ্ম সদস্যসচিব উবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ইউসুফ হায়দার, উত্তম বড়ুয়া, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম, কাদের গনি চৌধুরী প্রমুখ।