ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ঘটনার তদন্ত সরকার করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য সাংঘাতিক দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এটা ঘৃণা করি, নিন্দা জানাই এবং সে যে-ই হোক, সে যে দলের হোক, মতের হোক, আমার দলের হলেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। কাউকে ক্ষমা করব না।’ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম উইমেন চেম্বারের মাসব্যাপী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আমরা তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আসামিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে এ ঘটনার বিচার করব।’ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার দায় নেবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাছে সমাদৃত রাজনৈতিক দল। এর মধ্যে কেউ সন্ত্রাসী হতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে, তাকে আমরা ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাব।’
এর আগে চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড মাঠে নারী উদ্যোক্তাদের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, দেশে সে ধরনের রাজনৈতিক দলও আছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা সফল হবে না।
বৃষ্টিবিঘ্নিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিকুন নাহার, মাহজাবিন মোরশেদ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, মেলা কমিটির চেয়ারম্যান আবিদা মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে নারী-পুরুষের ভেদাভেদ কমেছে। প্রধানমন্ত্রী চান পুরুষের সঙ্গে সমানতালে নারীরাও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিক। লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে সফলতা অর্জন করেছে। বাংলাদেশের বর্তমান উন্নয়নে নারীদেরও ব্যাপক অবদান রয়েছে।
মেয়র নাছির উদ্দীন বলেন, এ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাঁদের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ১৫ টাকা।