নাসিরপুরে নিহত সাতজনই এক পরিবারের সদস্য
মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় নিহত একমাত্র পুরুষ সদস্যের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম লোকমান হোসেন (৪৫)। বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে। ওই অভিযানে নিহত বাকি ছয়জন তাঁরই স্ত্রী ও সন্তান বলে ধারণা করা হচ্ছে।
লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, লোকমান তাঁর স্ত্রী শিরিনা আকতার (৩৫) ও পাঁচ মেয়েকে নিয়ে একসঙ্গে থাকতেন। পাঁচ মেয়ে হলো আমেনা খাতুন (২১), সুমাইয়া (১২), মরিয়ম (১০), ফাতেমা (৭) ও খাদিজা (৭ মাস বয়সী)।
আবু বকর সিদ্দিক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘চার দিন আগে গভীর রাতে একটি অপরিচিত মোবাইল থেকে ফোন আসে। আমার নাতনি (আমেনা) কথা বলার পর আমার মেয়ে শিরিনাকে দেয়। শিরিনা ফোনে বলে, “আমরা আর বেশি দিন বাঁচব না। আমাদের ক্ষমা করে দেন। আমাদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না।”’ তিনি বলেন, কোথা থেকে তারা টেলিফোন করেছে, সেটা বলার আগেই লাইন কেটে যায়।
আবু বকর সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, গত বুধবার গভীর রাতে শিরিনা তাঁকে ফোন করেছিলেন। ওই দিন ভোরে মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানাটি ঘেরাও করে পুলিশ। ‘অপারেশন হিটব্যাক’ নাম দিয়ে সেখানে অভিযান চালায় সোয়াট ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। ৩৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সেখান থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছিল, নিহত ব্যক্তিদের একজন পুরুষ। আনুমানিক বয়স ৩৫ বছর। দুজন নারী যাঁদের একজনের বয়স আনুমানিক ৩৫, অপরজনের ২০-২৫ বছর। আর যে চারটি মেয়েশিশুর লাশ উদ্ধার হয়েছে, তাদের আনুমানিক বয়স যথাক্রমে ১০ বছর, ৭ বছর, ২ বছর ও কয়েক মাস।
শিরিনার বাবা আবু বকরের বর্ণনার সঙ্গে এই বর্ণনার মিল রয়েছে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই এক পরিবারের সদস্য।
এদিকে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের একটি সূত্র বলেছে, নিহত লোকমানের একাধিক ছদ্মনাম ছিল। মৌলভীবাজারের এই বাসাটি ভাড়া নেওয়ার সময় নাম বলেছিলেন সোহেল রানা। তিনি শায়খ আবদুর রহমানের প্রতিষ্ঠিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা পুরোনো জেএমবির সদস্য ছিলেন। সেখান থেকে পরে নব্য জেএমবিতে এসেছেন।
প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক জানান, এই লোকমান হোসেন ওরফে লোকমান হাকিম শিবগঞ্জ থানার ২০০৮ সালের একটি মামলার আসামি। ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলার অভিযোগপত্র দেওয়ার পর ওই মামলাটি এখন বিচারাধীন আছে। মামলায় মোট আসামি ২২ জন। সবার পরিচয় লেখা হয়েছে জেএমবির সদস্য।
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, লোকমান জেএমবির শুরা সদস্য ছিলেন।
লোকমান ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলামের ছেলে। তাঁর মা রাজিয়া বেগম অনেক দিন আগে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, লোকমান তিন ভাইয়ের মধ্যে তৃতীয়। বড় ভাই গ্রামে পশুর চিকিৎসা করেন, দ্বিতীয় ভাই ঢাকায় রিকশা চালান। লোকমানের বিমাতা ও বাবা গ্রামের বাড়িতে থাকেন।
গতকাল দুপুরে ডাঙ্গাপাড়া গ্রামে লোকমানের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে পাওয়া যায়নি। তাঁর বোন বললেন, ‘বাবা অসুস্থ মানুষ। প্রশাসনের লোক দেখলে ভয় পান।’ তিনি বলেন, ‘আমার ভাই আট থেকে নয় বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যায়। তারপর থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। সে কী করত, সেটাও জানি না। লোকমুখে ভাইয়ের মৃত্যুর কথা জানতে পেরেছি।’
বাড়ির লোকজন জানায়, লোকমান মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তিনি ২৩ বছর আগে একই উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কলাবড়ি গ্রামের কৃষক আবু বকরের মেয়ে শিরিনাকে বিয়ে করেন। বাড়িতে থাকা অবস্থায় লোকমানের দুই সন্তানের জন্ম হয়। বাড়ি ছাড়ার পর আরও তিন মেয়ের বাবা হন তিনি। তবে লোকমান কী কাজ করতেন, কোথায় থাকতেন, সে ব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেন তাঁর ও শ্বশুরের পরিবার।
সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মণ্ডল প্রথম আলোকে বলেন, লোকমান জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। তাঁকে স্থানীয় পুলিশ অনেক খুঁজেছে। তিনি বলেন, রাহাত ও মিম নামে ওই ইউনিয়নের আরও দুজন নিখোঁজ রয়েছে। এর মধ্যে রাহাত দুই বছর ও মিম চার বছর ধরে নিখোঁজ। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এদিকে নাসিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে সাতজনের নিহত হওয়ার ঘটনায় গতকাল সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছে পুলিশ। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল প্রথম আলোকে বলেন, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
বড়হাটের জঙ্গিদের ময়নাতদন্ত শেষ
মৌলভীবাজার শহরের বড়হাটের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা জঙ্গিদের লাশের ময়নাতদন্ত হয়েছে গতকাল। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত কানুনগো প্রথম আলোকে বলেন, নিহত দুজন পুরুষের বয়স আনুমানিক ৪২ ও ৩৮ বছর। আর নিহত নারীর বয়স ৩০ বছর। তিনজনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে।
পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তারা বলছেন, এখানে নিহত ব্যক্তিদের একজন সিলেটের দক্ষিণ সুরমায় সেনা অভিযান চলাকালে জঙ্গি আস্তানার কাছে বোমা হামলায় নেতৃত্ব দিয়েছিল।
বড়হাটের বাড়িটিকে ঘিরে গতকালও পুলিশি পাহারা ছিল। বাড়ির আশপাশে কোনো সড়ক দিয়েই সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের যাতায়াত করতে দেওয়া হয়নি। এ বিষয়ে বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, ক্রাইম সিন ইউনিট বলেছে আরও আলামত পাওয়া যেতে পারে। তাই আলামত যাতে নষ্ট না হয়, সে জন্য বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
বড়হাটের এই দোতলা বাড়িটি গত মঙ্গলবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। শুক্রবার সকাল থেকে ‘অপারেশন ম্যাক্সিমাস’ নাম দিয়ে সেখানে অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। অভিযান শেষে বাড়ির ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল পর্যন্ত তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন)।