নাসিরপুরে নিহতদের লাশ নেবেন না স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত সাতজনের লাশ স্বজনেরা নেবেন না বলে পুলিশকে জানিয়ে দিয়েছেন। আজ সোমবার মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত সাতজনের মধ্যে প্রথমে একমাত্র পুরুষ সদস্য লোকমান হোসেনের (৪৫) পরিচয় পাওয়া যায়। তাঁর বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে। বাকিদের লাশ শনাক্তের জন্য লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিক ও ভায়রা সানোয়ার হোসেন এবং তাঁর বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোফজ্জল হোসেন আজ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে যান। লাশগুলো খণ্ড-বিখণ্ড থাকায় তাঁরা নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি। পরে নাসিরপুরের বাড়ি থেকে উদ্ধার করা একটি পারিবারিক ছবি দেখানো হলে তাঁরা নিশ্চিত করেন যে এটা লোকমানের পরিবার।

লোকমানসহ সাতজনের লাশ স্বজনেরা নেবেন না বলে সংবাদ ব্রিফিংয়ে জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, স্বজনেরা বলেছেন যে তাঁরা এই গ্লানি ও কলঙ্ক বহন করতে চান না।

লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, গত বুধবার গভীর রাতে তাঁর মেয়ে শিরিনা তাঁকে ফোন করেছিলেন। ওই দিন ভোরে মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানাটি ঘেরাও করে পুলিশ। ‘অপারেশন হিটব্যাক’ নাম দিয়ে সেখানে অভিযান চালায় সোয়াট ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। ৩৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সেখান থেকে সাতটি লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, লোকমান তাঁর স্ত্রী শিরিনা আকতার (৩৫) ও পাঁচ মেয়েকে নিয়ে একসঙ্গে থাকতেন। পাঁচ মেয়ে হলো আমেনা খাতুন (২১), সুমাইয়া (১২), মরিয়ম (১০), ফাতেমা (৭) ও খাদিজা (৭ মাস বয়সী)।

পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের একটি সূত্র বলেছে, নিহত লোকমানের একাধিক ছদ্মনাম ছিল। মৌলভীবাজারের এই বাসাটি ভাড়া নেওয়ার সময় নাম বলেছিলেন সোহেল রানা। তিনি শায়খ আবদুর রহমানের প্রতিষ্ঠিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা পুরোনো জেএমবির সদস্য ছিলেন। সেখান থেকে পরে নব্য জেএমবিতে এসেছেন।

প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক জানান, এই লোকমান হোসেন ওরফে লোকমান হাকিম শিবগঞ্জ থানার ২০০৮ সালের একটি মামলার আসামি। ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলার অভিযোগপত্র দেওয়ার পর ওই মামলাটি এখন বিচারাধীন আছে। মামলায় মোট আসামি ২২ জন। সবার পরিচয় লেখা হয়েছে জেএমবির সদস্য।

লোকমান ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলামের ছেলে। তাঁর মা রাজিয়া বেগম অনেক দিন আগে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, লোকমান তিন ভাইয়ের মধ্যে তৃতীয়। বড় ভাই গ্রামে পশুর চিকিৎসা করেন, দ্বিতীয় ভাই ঢাকায় রিকশা চালান। লোকমানের বিমাতা ও বাবা গ্রামের বাড়িতে থাকেন।

বাড়ির লোকজন জানায়, লোকমান মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তিনি ২৩ বছর আগে একই উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কলাবড়ি গ্রামের কৃষক আবু বকরের মেয়ে শিরিনাকে বিয়ে করেন। বাড়িতে থাকা অবস্থায় লোকমানের দুই সন্তানের জন্ম হয়। বাড়ি ছাড়ার পর আরও তিন মেয়ের বাবা হন তিনি। তবে লোকমান কী কাজ করতেন, কোথায় থাকতেন, সে ব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেন তাঁর ও শ্বশুরের পরিবার।