নাসিরপুরের ঘটনায় পুলিশের মামলা
মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ধারীদের আসামি করা হয়েছে। তবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। জেলার বড়হাটের জঙ্গি আস্তানার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
জঙ্গি আস্তানা সন্দেহে গত বুধবার ভোর থেকে টানা ৩৪ ঘণ্টা ঘিরে রেখে অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরের নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন লাশ উদ্ধারের খবর জানায় পুলিশ। পুলিশের ধারণা, বুধবার বিকেলেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তারা নিহত হয়।