হজে গমনেচ্ছুক জীবিত এক ব্যক্তিকে পুলিশ প্রতিবেদনে মৃত লেখার ঘটনায় আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সে সঙ্গে আখাউড়ার ওই ব্যক্তি মো. আজাদ হোসেন ভুঁইয়া যাতে হজে যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
ভবিষ্যতে যাতে ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য ওসিকে সতর্ক করে দিয়ে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।
মামলাসূত্রে জানা যায়, হজে যেতে ইচ্ছুক আখাউড়ার ওই ব্যক্তি নিবন্ধন ফরম পূরণ করে অর্থ জমা দেন। অথচ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রাক-নিবন্ধন সিস্টেমে পরে পুলিশ প্রতিবেদন কলামে ‘ইন্তেকাল করিয়াছেন’ বলে উল্লেখ রয়েছে বলে দেখতে পান। এর বৈধতা চ্যালেঞ্জ করে ও তথ্য সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেন আজাদ হোসেন ভুঁইয়া, যার ওপর শুনানি নিয়ে ১৭ জুলাই হাইকোর্ট রুল দেন। সে সঙ্গে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদারকে ব্যাখ্যা জানাতে ২৩ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন।
ধার্য তারিখে ওসি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়ে বক্তব্য দাখিল করেন। শুনানি নিয়ে আদালত ওই ব্যক্তির জীবিত থাকার পক্ষে লিখিত আকারে তথ্য দাখিল করতে সোমবার দিন রাখেন। সে অনুসারে গতকাল প্রয়োজনীয় তথ্য দাখিল করা হয়।
আদালতে ওসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহরিয়া কবির। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম খালেদ আহমেদ ও মো. কায়সার জাহিদ ভুইয়া। পরে কায়সার জাহিদ ভুইয়া প্রথম আলোকে বলেন, ওসিকে সতর্ক করে দিয়ে আদালত তাঁকে অব্যাহতি দিয়েছেন। আজাদ যাতে হজে যেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে রিটটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। ফলে এখন আজাদের হজে যেতে আইনগত বাধা নেই। আজাদের হজে যাওয়ার সম্ভাব্য দিন ২৭ জুলাই।