নিউ কলোনি মাঠে খেলার পরিবেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদগেট নিউ কলোনি মাঠ এখন দোকানপাট ও শ্রমিকদের থাকার জায়গা। নির্মাণসামগ্রীতে ঠাসা। বাজারও বসে সেখানে। দোকানদার ও শ্রমিকেরা জানান, স্থানীয় কাউন্সিলরই তাঁদের বসবাসের অনুমতি দিয়েছেন। এলাকাবাসী এখন আর এ মাঠে যান না।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন এ মাঠ আসাদগেটে আড়ংয়ের পাশে হওয়ায় স্থানীয়ভাবে আড়ং মাঠ নামেও পরিচিত। গতকাল রোববার দুপুরে মাঠে দেখা যায়, লালমাটিয়া বি ব্লকের দিকে মাঠের মধ্যে খাবার হোটেল। খোলা জায়গাতেই টেবিল, বেঞ্চ বসিয়ে খাওয়াদাওয়া চলছে।

পুরো মাঠে ১০টির বেশি চায়ের দোকান। মাঠের চারপাশে হাঁটার জায়গায় এসব দোকান বসেছে। এ ছাড়া আছে খাবারের ছোট ছোট খালি ভ্যান। সায়মন নামের একজন চা-বিক্রেতা বলেন, তিনি দোকান করছেন অনেক দিন ধরেই। কাউন্সিলরই তাঁদের বসতে বলেছেন।

স্থানীয় বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, ‘মাঠটায় হাঁটতাম। এখন ভুলেও ওদিকে যাই না। কী করছে। হাট-বাজার বানাইয়া ফেলছে।’ তিনি আরও বলেন, পাড়ার কিশোরেরা বিকেল হলেই খেলতে আসত। এখন খেলার মতো পরিবেশ নেই। হাট-বাজার বসে। শ্রমিকেরা বাড়িঘর বানিয়ে নিয়েছেন।

মাঠে টিনের বেড়া দিয়ে অস্থায়ী থাকার ঘর বানানো হয়েছে। এক শ্রমিক বলেন, তাঁরা এখানে থাকেন। মাঠে ঘর করে থাকার অনুমতিও কাউন্সিলর দিয়েছেন। মাঠের পাশেই গৃহায়ণ কর্তৃপক্ষ সরকারি বাসভবন নির্মাণ করছে, ওখানকারই শ্রমিক তাঁরা। মাঠজুড়ে বাঁশ পুঁতে রাখা। রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পড়ে আছে। উঠে যাচ্ছে মাঠের ঘাসগুলোও। সকাল দিকে বাজার বসে। এ ছাড়া প্রতি শুক্রবার বসে গাড়ির হাট।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহেল সরকার বলেন, লালমাটিয়ায় ডিএনসিসির সড়ক সংস্কারের জন্য যাঁরা কাজ করছেন, সেই শ্রমিকেরাই থাকছেন। তাঁদের বাসভবন নির্মাণের শ্রমিকেরা নন। মাঠের মধ্যে এভাবে থাকার ব্যাপারে বলেন, শ্রমিকদের তো কোথাও থাকার জায়গা নেই। তবে তিনি বিষয়টি দেখবেন। দোকান বসার ব্যাপারে তাঁর জানা নেই। তিনি আরও বলেন, সড়কের পাশে কিছু দোকান থাকতে পারে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গিয়ে দেখে এসেছেন এবং বলেছেন এসব দোকান সরিয়ে ফেলতে।