নিউ কলোনির ফ্ল্যাট বরাদ্দ নিয়ে উত্তেজনা

রাজধানীর আসাদগেট নিউ কলোনির বাসিন্দাদের নতুন ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া নিয়ে একটি পক্ষ প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বরাদ্দপ্রাপ্তদের সঙ্গে থাকা লোকজন প্রতিবাদকারীদের মারধর করেছেন। বসবাসকারীদের একটি পক্ষ রাস্তায় প্রতীকী মানববন্ধনও করে। গতকাল সোমবার বিকেলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
আসাদগেট নিউ কলোনির সাতটি পুরোনো ভবনে বসবাসকারী ১১৪টি পরিবারের মধ্যে ৩৬টিকে গতকাল নতুন ফ্ল্যাটের সাময়িক বরাদ্দপত্র দেওয়া হয়। মাঠের পেছনে পুরোনো ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এসব ভবনে
সরকারি চাকরিজীবী ও বসবাসকারীদের ফ্ল্যাট দেওয়া হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল বিকেলে ৩৬ জন বরাদ্দপ্রাপ্তের মধ্যে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র দেন। এ সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাসুদ বারী উপস্থিত ছিলেন। ওয়ার্ড সভাপতি নিজেও একটি ফ্ল্যাটের বরাদ্দপত্র পান। সংক্ষিপ্ত বক্তৃতায় মন্ত্রী বলেন, এখানে বসবাসকারীদের ২০ বছরে ফ্ল্যাটের অর্থ পরিশোধের সুযোগ ও যাবতীয় সুযোগ দেওয়া হবে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তাঁর বক্তৃতায় যত দ্রুত সম্ভব সাতটি পুরোনো ভবনে বসবাসকারীদের বাসস্থান ছেড়ে দেওয়ার তাগিদ দেন।
কলোনি মাঠে তৈরি মঞ্চে বরাদ্দ প্রদান অনুষ্ঠান চলাকালে কলোনিতে বসবাসকারীদের একটি পক্ষ রাস্তায় প্রতীকী মানববন্ধন করে বরাদ্দ প্রক্রিয়ার প্রতিবাদ জানায়। বরাদ্দপত্র প্রদান শেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় প্রতিবাদকারীরা মন্ত্রীর গাড়ির অদূরে এসে ‘অবৈধ বরাদ্দ মানি না, মানি না’ বলে স্লোগান দিলে বরাদ্দপ্রাপ্তরা বাধা দেন। তাঁদের সঙ্গে যোগ দিয়ে বহিরাগত কয়েকজন যুবক প্রতিবাদকারীদের মারধরও করেন। এ সময় আলমগীর হোসেন নামের একজন বসবাসকারীসহ কয়েকজন লাঞ্ছিত জন। একপর্যায়ে মন্ত্রী মাঠসংলগ্ন ৩২ নম্বর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে বসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবৈধ প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হয়েছে বলে চিৎকার করতে থাকেন কালোনির বেশ কয়েকজন নারী-পুরুষ। এরপর পুলিশ তাঁদের সরিয়ে দেয়। মন্ত্রী চলে যাওয়ার পরও প্রতিবাদকারীরা স্লোগানসহকারে মিছিল করেন। তাঁরা অবৈধ বরাদ্দের প্রতিবাদে মামলা করবেন বলে জানান।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, ১১৪ জন বসবাসকারীর মধ্যে ১৫-১৬ জন মাত্র বরাদ্দ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা কিসের ভিত্তিতে মামলা করবেন, তা কর্তৃপক্ষের জানা নেই। কারণ, তাঁদের বরাদ্দ প্রক্রিয়া অবৈধ নয়। পুরোনো ভবনগুলো এক অর্থে বসবাসের অযোগ্য। নতুন ভবন করে ১১৪ জনকে দুই থেকে আড়াই বছরের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। তবে বসবাসকারী অনেকেরই দুই থেকে তিন লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে। গ্যাস, বিদ্যুৎ, পানির বিলও পাওনা রয়েছে। সমুদয় টাকা পরিশোধ করার জন্য চিঠি বা নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিবাদকারীদের কয়েকজন এ-সংক্রান্ত নোটিশ পেয়েছেন বলে প্রথম আলোর কাছে স্বীকার করেন। তবে ভাড়াভিত্তিক ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পর নতুন ফ্ল্যাট নির্মাণের মধ্যবর্তী সময়ে তাঁরা কোথায় থাকবেন জানেন না।