নিউ মার্কেট থানা ছাত্রলীগের সঙ্গে পুলিশের হাতাহাতি
পুলিশকে মারধরের অভিযোগে গত রোববার রাতে নিউ মার্কেট থানা ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার রাত তিনটার দিকে ইস্টার্ন মল্লিকার পাশে ম্যানহোল ঠিক করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মাসুমসহ পাঁচজন সেখানে যান। তাঁরা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল টহল পুলিশ দল। ঝামেলা আঁচ করতে পেরে পুলিশ সদস্যরা সেখানে যান। ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। এ ঘটনায় রাতেই সালাহউদ্দিন ও তাঁর চার সমর্থক সীমান্ত, হৃদয়, তৌফিক ও নুরুল আজিজকে আটক করে নিউ মার্কেট থানায় আনা হয়। পরে চাপের মুখে গতকাল সালাহউদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। অন্য চারজনের বিরুদ্ধে থানায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সালাহউদ্দিন দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁকে পুলিশ আটক করেনি। আর আটক ব্যক্তিরা তাঁর এলাকার ও পূর্বপরিচিত, কিন্তু ছাত্রলীগের কেউ নন।
গতকাল রাতে নিউ মার্কেট থানায় গিয়ে দেখা যায়, থানার সামনে দাঁড়িয়ে আছেন ১৫-২০ জন তরুণ। জানতে চাইলে তরুণদের একজন বলেন, তাঁরা ছাত্রলীগের কর্মী। তাঁদের কয়েকজন সহকর্মীকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তাই তাঁরা অপেক্ষা করছেন। ভেতরে ঢুকে থানার ওসি কক্ষের সামনে আক্তার হোসেন নামে পুলিশের এক কর্মকর্তাকে দেখা যায়। কক্ষের ভেতরে ঢুকতে চাইলে তিনি বলেন, ভেতরে যাওয়া যাবে না। আসামি আছে। মুঠোফোনে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ইস্টার্ন মল্লিকার পাশে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়েছে।