নিউইয়র্কে এবার বাংলাদেশি নারীকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এবার ছুরিকাঘাতে খুন হলেন বাংলাদেশি এক নারী। গত বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে কুইন্সের জ্যামাইকা এলাকায় নিজ বাড়ির কাছে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত নাজমা খানমের (৬০) বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামে। তিনি স্বামী শামছুল আলম ও এক সন্তান নিয়ে নিউইয়র্কে থাকতেন। ২০০৯ সালে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর তাঁর স্বামী মোহাম্মদ শামসুল আলম খান ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক। বাংলাদেশে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁদের ছোট ছেলে নিউইয়র্কের লা গুয়ারডিয়া কলেজের ছাত্র। পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের পর জ্যামাইকা জামে মসজিদে নাজমা খানমের জানাজা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে জ্যামাইকায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে রেখেছে। সেখান থেকে মাত্র কয়েক ব্লক দূরেই নাজমা খানমের ভাড়াবাড়ি। তাঁর নিকট প্রতিবেশী খন্দকার দিল রওশন হোসেন বলেন, নাজমা খানম মাথায় হিজাব পরতেন ও ধার্মিক হিসেবে প্রতিবেশীদের কাছে পরিচিত ছিলেন। মুসলিম বলেই তিনি সম্ভবত ‘হেইট ক্রাইম-এর (ঘৃণাপ্রসূত অপরাধ) শিকার হয়েছেন।
খন্দকার দেলোয়ার হোসেন নামে আরেক প্রতিবেশী বলেন, এ ঘটনার পর তাঁরা সবাই সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তিনি ন্যায়বিচার দাবি করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
যে বাসায় তাঁরা ভাড়া থাকতেন, তার মালিক মিজানুর রহমান জানান, নাজমা খানম ও তাঁর স্বামী মোহাম্মদ শামসুল আলমের সেখানে একটি ছোট দোকান আছে। তাঁরা দুজনেই ওই দোকানে কেনাবেচা তদারক করতেন। বুধবার দোকানের কাজ শেষে দুজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। শামসুল আলম কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় স্ত্রীকে একা এগিয়ে যেতে বলেন। এর মিনিট কয়েক পরে তিনি হঠাৎ স্ত্রীর আর্তনাদ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন নাজমা খানম মাটিতে পড়ে আছেন। স্ত্রীর গায়ে হাত দিয়ে লক্ষ করেন তাঁর বুক থেকে রক্ত ঝরছে। এ সময় একজন প্রতিবেশী ছুটে এসে পুলিশে ফোন করার পর নাজমা খানমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল ভ্যানেই তিনি মারা যান।
ঘটনাটি ‘হেইট ক্রাইম’ কি না, জানতে চাওয়া হলে এ খুনের তদন্তের দায়িত্ব পালনরত নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ জানান, তাঁরা ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখছেন। এ মুহূর্তে এটিকে একটি ডাকাতির ঘটনা ভাবা হচ্ছে, তবে হেইট ক্রাইমের সম্ভাবনাও বাতিল করা হয়নি। তবে নিউইয়র্ক পুলিশের প্রধান ডিটেকটিভ রবার্ট বয়েস সাংবাদিকদের বলেন, ঘটনাটি যে হেইট ক্রাইম, তা ভাবার কোনো কারণ নেই।
মাত্র দুই সপ্তাহ আগে কুইন্সের ওজোন পার্কে একটি মসজিদের ইমাম বাংলাদেশি নাগরিক মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহকারী তারা মিয়া দিনদুপুরে গুলিতে নিহত হন। এ খুনের জন্য একজন হিস্পানিক যুবককে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনাকেও পুলিশ এখনো সুনিশ্চিতভাবে হেইট ক্রাইম হিসেবে চিহ্নিত করেনি।
প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি জানান, নাজমার মৃত্যুর সংবাদে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটিপাড়া গ্রামে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বৃদ্ধ মা ফাকরোননেছা, ভাই এনায়েত হোসেন ও পরিবারের সদস্যরা আহাজারি করছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নাজমার মরদেহ দেশে আনা হবে।