
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গত শনিবার দুপুরে একটি মসজিদের ইমামসহ দুজনকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। নিহত দুজনই বাংলাদেশি নাগরিক। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছেন নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা।
গতকাল রোববার পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সম্ভাব্য খুনির একটি স্কেচ প্রকাশ করে তার ব্যাপারে কারও কোনো তথ্য জানা থাকলে তা জানাতে অনুরোধ করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
নিহত ব্যক্তিদের একজন আলাউদ্দিন আখুঞ্জি (৫৫)। তিন ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। অপরজন তাঁর বন্ধু তারা উদ্দিন (৬৪)। বাড়ি সিলেটে। আল ফোরকান মসজিদে জোহরের নামাজ শেষে তারা উদ্দিনকে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন আলাউদ্দিন।|
নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার সাংবাদিকদের বলেন, হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ ঘটনাটিকে ‘হেইট ক্রাইম’ (ঘৃণামূলক অপরাধ) হিসেবেই বিবেচনা করছে। তবে হত্যাকাণ্ডের পেছনে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
পুলিশ কর্মকর্তা সাউটনার বলেন, নিহত ব্যক্তিদের পকেটে কয়েক শ ডলার পাওয়া গেছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হত্যাকারী হিসেবে এক যুবককে শনাক্ত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই হামলাকারীর পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও হাফ প্যান্ট। তার চুল কালো এবং মুখে দাড়ি আছে। হামলার সময় তার চোখে চশমা ছিল। কোনো কথা না বলে পেছন থেকে গুলি করে সে দ্রুত সরে পড়ে। প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে হামলাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছোট রিভলবার থেকে চার বা পাঁচটি গুলি করে আততায়ী পালিয়ে যায়।
মাওলানা আলাউদ্দিন দুই বছর আগে মসজিদের ইমামতির দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে নিউইয়র্কে আসেন। কয়েক দিন পরেই ছেলের বিয়ে উপলক্ষে তাঁর দেশে যাওয়ার কথা ছিল।
এদিকে স্থানীয়ভাবে জনপ্রিয় এই ইমামকে হত্যার ঘটনায় নিউইয়র্কে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায়ই সেখানকার বাংলাদেশিরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেন। স্বতঃস্ফূর্ত জমায়েত থেকে এই হত্যার প্রতিবাদ ও মসজিদে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড বলে তাঁরা দাবি করেছেন। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ওই জমায়েতে উপস্থিত ছিলেন। গতকাল রোববার বেলা একটায় আল ফোরকান মসজিদের কাছে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট কবি তমিজ উদ্দিন লোদী প্রথম আলোকে বলেন, মাওলানা আলাউদ্দিন শুধু যে ইসলামি শাস্ত্রে পণ্ডিত ছিলেন তাই নয়, তিনি একজন আধুনিকমনস্ক মানুষ ছিলেন। শুক্রবারে তাঁর খুতবা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসতেন।
আল ফোরকান জামে মসজিদে নিয়মিত নামাজ পড়েন এমন আরেকজন স্থানীয় বাংলাদেশি বলেন, মাওলানা আলাউদ্দিন কোনো দিন গলা উঁচু করে কথা বলতেন না। কারও মনে আঘাত দিতেন না। তিনি এই হত্যার পেছনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারণাকে দায়ী করেন।
এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
এক টুইটার বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম এই হত্যার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা শান্তিপ্রিয় মানুষের ওপর কাপুরুষোচিত হামলা।
টুইটার বার্তায় মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা ইমাম আলাউদ্দিন এবং তারা উদ্দিনের মৃত্যুতে শোকাহত। সন্ত্রাস কখনো সমাধান হতে পারে না।’ তিনি বলেন, আলাউদ্দিন আখুঞ্জি একজন সম্মানিত মানুষ ছিলেন।