নিউইয়র্কে নাজমার জানাজা, বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমা খানম
নাজমা খানম

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি নারী নাজমা খানমের জানাজা গত শুক্রবার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক বাংলাদেশি ও অন্যান্য দেশের মানুষ অংশ নেন। তাঁরা এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানান।
জানাজার সময় নিউইয়র্কের মেয়র, পুলিশপ্রধান ও কুইন্সবরোর প্রেসিডেন্টের প্রতিনিধি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তখন মসজিদের বাইরে বিক্ষোভকারীরা ‘হত্যা বন্ধ করো’ ও ‘সকল জীবনেরই মূল্য আছে’ লেখা প্লাকার্ডসহ অবস্থান করেন এবং মসজিদের সামনের রাস্তা প্রদক্ষিণ করেন।
স্থানীয় বাংলাদেশিদের ধারণা, মুসলমান হওয়ায় ও হিজাব পরার কারণে নাজমা খানমকে হত্যা করা হয়েছে। তিনি বিদ্বেষপ্রসূত হামলার (হেইট ক্রাইম) শিকার হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের নিউইয়র্কের শাখা এক বিবৃতিতে বলেছে, ইসলামিক পোশাক পরিহিত থাকার কারণেই নাজমা খানম নিহত হয়েছেন।
জানাজার পর জ্যামাইকা মুসলিম সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাজমার স্বামী সামছুল আলম খান। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে আমি রক্ষা করতে পারলাম না।’
গত বুধবার রাতে একসঙ্গে কুইন্সের জ্যামাইকা এলাকার বাসায় ফিরছিলেন সামছুল আলম ও নাজমা খানম। একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়ায় স্ত্রীকে এগিয়ে যেতে বলেন সামছুল আলম। এর কিছুক্ষণ পর স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নাজমা খানম।

সামছুল আলম ও তাঁর ছেলে নিউইয়র্কের লা গুয়ারডিয়া কলেজের ছাত্র নাইমুল আলম খান সরকারি কর্মকর্তাদের কাছে অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানান।

জানাজা শেষে নাজমার মরদেহ বিমানযোগে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাঁর ভাগনে নিউইয়র্ক পুলিশের ট্রানজিট অফিসার ও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, তাঁর সহকর্মী প্রায় ১০০ পুলিশ কর্মকর্তা শুক্রবারের জানাজায় অংশ নেন।

হুমায়ুন কবির বলেন, নাজমা খানমের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি শরীয়তপুরে নিয়ে যাওয়া হবে। আজ রোববার বাদ আসর শরীয়তপুরের সরকারি বালিকা বিদ্যালয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে নাজমা খানম দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পরে তাঁর মরদেহ শরীয়তপুর সদর থানার আঁটিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাজমা খানম খুন হওয়ার কয়েক সপ্তাহ আগে কুইন্সেই বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর বন্ধু তারা মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ অস্কার মোরেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, নাজমা খানমের মরদেহ নিয়ে একটি ফ্লাইট শুক্রবার রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান জানান, একই সঙ্গে ওই বিমানবন্দর দিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছে নাজমা খানমের স্বামী সামছুল আলম খান ও তাঁদের ছোট ছেলে নাইমুল আলম খান। আজ রোববার সকাল পৌনে নয়টা নাগাদ নাজমা খানমের মরদেহ দেশে পৌঁছাতে পারে বলে জানান শামীম আহসান।