নিউইয়র্কে বাংলাদেশির ওপর হামলায় দুই কিশোর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি মুজিবুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৫ এবং অন্যজন ১৪ বছর বয়সী। বয়স কময় হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তারা বলেছে, ১৪ বছর বয়সী কিশোরটি ওই হামলা নিয়ে বন্ধুদের সঙ্গে গর্বের সঙ্গে আলোচনা করছিল। বিষয়টি শুনতে পেয়ে তার মা-ই তাকে পুলিশের হাতে তুলে দেন। এরপর সে পুলিশের কাছে তার ১৫ বছর বয়সী বন্ধুর সম্পৃক্ততার কথা জানিয়ে দেয়। পরে তাকে স্কুল থেকে গ্রেপ্তার করা হয়।
নিউইয়র্কের ব্রনক্স এলাকায় একটি স্কুলের সামনে ১৫ জানুয়ারি অজ্ঞাতপরিচয় দুজনের হামলার শিকার হন মুজিবুর। মুসলমানদের ঐতিহ্যবাহী পোশাক পরার কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করা হয়।
মুজিবুরের ভাষ্য, নিজ বাসার কাছেই তাঁর ওপর মুখোশধারী দুজন ঝাঁপিয়ে পড়ে। তারা তাঁকে ‘আইএস’ (মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) উল্লেখ করে মারতে থাকে। হামলায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।