নিউইয়র্কে সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স মাত্র ২১। দেখে মনে হয় যেন কিশোরী। নিজের তিন সপ্তাহ বয়সী শিশুপুত্রকে হত্যার জন্য নিউইয়র্ক পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মাথায় ও শরীরে আঘাতের কারণে শিশু রিজওয়ানের মৃত্যু হয়। এরপর তাকে জানালা দিয়ে ফেলা হয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত রিচমন্ড হিল এলাকায়। শুক্রবার ভোর চারটার দিকে এক প্রতিবেশী শব্দ শুনে বাইরে এসে শিশুটিকে দেখতে পান। পরে পুলিশ এসে মৃত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশি অভিবাসী রাশিদা চৌধুরী তাঁর শিশুপুত্রকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছেন। রাশিদার ভাষ্য, তাঁর পুত্রের ওপর জিন ভর করেছিল, সে বিশ্বাস থেকেই তাকে তিনি হত্যা করেন। নিজেই তিনি শিশুটিকে তাঁদের চার তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ছুড়ে ফেলেন।
রাশিদার স্বামী পুলিশকে জানিয়েছেন, শিশুটি তাঁদের। শয্যাপাশে শিশুপুত্রকে দেখতে না পেয়ে তিনি স্ত্রীর কাছে সন্তান কোথায় তা জানতে চান।
শিশুপুত্রের এই হত্যাকাণ্ডে নিউইয়র্কের বাঙালি মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম হয়েছে। কারও কারও ধারণা মেয়েটি মানসিকভাবে অসুস্থ।