নিকলীতে অপচিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাতুড়ে কবিরাজের অপচিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সদর ইউনিয়নের খালিসাহাটি গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত ওই শিশু হলো গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ইমন মিয়া (১১)। এ ঘটনায় বুধবার রাতেই হাতুড়ে কবিরাজ হোসেন আলী (৪৫) বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন হেলাল মিয়া।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খালিসাহাটি গ্রামের ইমন মিয়া ৭ নভেম্বর থেকে জ্বরে ভুগছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলে। কিন্তু তারপরও জ্বর না কমায় তার পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। বুধবার কবিরাজ হোসেন আলী বিকেল সাড়ে পাঁচটায় সময় হেলাল উদ্দিনের বাড়িতে এসে ইমনকে সুস্থ করে তোলার কথা বলেন। পরে চিকিৎসার নামে ইমনের বাঁ হাতের আঙুল শক্ত করে বাঁধেন হোসেন আলী। এ সময় ইমন চিৎকার শুরু করে। এরপর কচুগাছের ডগায় সরিষার তেল লাগিয়ে ইমনের দুই নাকের ভেতরে ঢুকিয়ে দেন তিনি। কয়েক মিনিটের মধ্যে ইমনের নড়াচড়া ও চিৎকার বন্ধ হয়ে গেলে হোসেন আলী শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যান। পরে হেলাল উদ্দিন ও এলাকার লোকজন ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গত বুধবার রাত সাড়ে ১১টায় হেলাল উদ্দিন বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব গতকাল বৃহস্পতিবার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপচিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হোসেন আলী পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে হোসেন আলীর বাড়িতে গিয়ে কোনো লোক পাওয়া যায়নি। তাঁর ঘরে তালা ঝুলতে দেখা গেছে।