নিকলীতে অপহরণের পর ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের নিকলীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে আবদুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আবদুল হোসেনের (২৮) বাড়ি নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের মলাহাটি গ্রামে। ধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে গতকাল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ছাত্রী অভিযোগ করে বলে, ‘গত শুক্রবার দুপুরে আমি আমাদের বাড়ি থেকে বাটিবরাটিয়ার নানির বাড়িতে ইঞ্জিনচালিত নৌকায় যাচ্ছিলাম। এই সময় মলাহাটি গ্রামের তিন সন্তানের জনক আবদুল হোসেন আমার নাকে কী জানি লাগিয়ে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর তিন দিন সে তার বিভিন্ন বন্ধুর বাড়িতে আটকে রেখে আমার ওপর পাশবি নির্যাতন চালায়।’
ওই ছাত্রীর বাবা জানান, গত শুক্রবার স্কুল বন্ধ থাকায় তাঁর মেয়ে নানিবাড়ি যাওয়ার জন্য আবদুল হোসেনের নৌকায় ওঠে। এরপর থেকে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। গত সোমবার ছাত্রীটিকে নৌকার মালিক অপহরণ করে নিয়ে গেছেন বলে নিকলী থানার ওসিকে জানানো হয়। ওই দিনই নিকলী থানার পুলিশ মলাহাটি গ্রামের আবদুল হোসেনের বন্ধু আতর মিয়ার একটি ঘরে অভিযান চালিয়ে আবদুল হোসেন এবং মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, এ বিষয়ে গতকাল সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে আবদুল হোসেনকে আসামি করে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আবদুল হোসেনকে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।